ইরান সরকারের পতন সময়ের ব্যাপার : নেতানিয়াহু

ইরানের সরকারব্যবস্থায় ফাটল ধরেছে এবং এটি যেকোনো সময় ভেঙে পড়তে পারে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সোমবার (১ জুন) রাতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নেয়ার বিদায়ী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু বলেন, “ইসরায়েল এখন পর্যন্ত যে মূল্য দিয়েছে, তা অত্যন্ত চড়া। তাদের সন্ত্রাসী সরকারের কাঠামোতে ফাটল ধরেছে। এই সরকার আর কখনো আগের অবস্থায় ফিরবে না। আমি আপনাদের বলছি, ইরানের সরকার ভেঙে পড়বে।”
তিনি আরও বলেন, “ইসরায়েলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা প্রত্যেক শত্রুকে মনে করিয়ে দিতে চাই, তাদের ষড়যন্ত্র ব্যর্থ হবে। এর জন্য তাদের যে মূল্য দিতে হবে, তা হবে অত্যন্ত চড়া।”
মোসাদের বিদায়ী প্রধানকে উদ্দেশ করে নেতানিয়াহু বলেন, “আপনার সময়ে অসাধারণ অনেক কিছু ঘটেছে। আপনি যে পাঁচ বছর মোসাদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন, তা আমাদের ইতিহাসের অন্যতম সেরা সময়গুলোর একটি ছিল।”
তিনি আরও বলেন, “মোসাদে দীর্ঘ ৩০ বছরের সেবার জন্য আপনাকে ধন্যবাদ। বিশেষ করে গত কয়েক বছরের জন্য, যখন ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে।”
এদিকে, মোসাদের নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন নেতানিয়াহুর বিদায়ী সামরিক সচিব মেজর জেনারেল রোমান গোফম্যান। সূত্র: টাইমস অব ইসরায়েল
ভোরের আকাশ/সু.পা