ভারতের সাবেক সেনা কর্মকর্তা
তুরস্কের যুদ্ধজাহাজ পাকিস্তানকে সহযোগীতায় এলে প্রতিহত করা হবে

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি ‘মক্কা চুক্তি’ নামে একটি সামরিক চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর অন্য কোনো দেশ হামলা চালালে সেটিকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর পারস্পরিক প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে মিল থাকায় অনেকে এই তিন দেশের জোটকে ‘সুন্নি ন্যাটো’ হিসেবে অভিহিত করছেন।
ভারতের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গগন দ্বীপ বক্সি দাবি করেছেন, চুক্তি স্বাক্ষরের আগ থেকেই তুরস্ক সামরিকভাবে পাকিস্তানকে সহযোগিতা করে আসছে। এর উদাহরণ হিসেবে তিনি ২০২৫ সালের ‘অপারেশন সিঁদুর’-এর সময়কার পরিস্থিতির কথা উল্লেখ করেন।
বক্সির দাবি, ওই সময় পাকিস্তান ও ভারতের মধ্যে সংঘাত চলাকালে ইসলামাবাদের প্রতি সমর্থন জানাতে তুরস্ক করাচি বন্দরে একটি যুদ্ধজাহাজ পাঠিয়েছিল। এছাড়া ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে এক হাজারের বেশি ড্রোন সরবরাহ এবং সেগুলো পরিচালনায় তুরস্ক সহায়তা করেছিল বলেও দাবি করেন তিনি।
তবে ভৌগোলিক দূরত্বের কারণে তুরস্কের পক্ষে যুদ্ধজাহাজ নিয়ে পাকিস্তানের সহায়তায় সরাসরি এগিয়ে আসা কঠিন বলে মন্তব্য করেন বক্সি। ভারতের সাবেক এই সেনা কর্মকর্তা দাবি করেন, তুরস্কের নৌবাহিনী যদি যুদ্ধজাহাজ নিয়ে পাকিস্তানকে সহায়তা করতে আসে, তাহলে ভারতীয় নৌবাহিনী তাদের মোকাবিলা করতে সক্ষম।
তিনি বলেন, পাকিস্তানকে সহায়তার জন্য তুরস্কের নৌবহরকে ভূমধ্যসাগর ও আরব সাগর হয়ে এগিয়ে আসতে হবে। এ পথে পাকিস্তানকে সহায়তা করতে আসা তুরস্কের নৌবহরকে ভারতীয় নৌবাহিনী প্রতিহত করতে পারবে বলেও মন্তব্য করেন তিনি। সূত্র: জেরুজালেম পোস্ট
ভোরের আকাশ/সু.পা