পাঁচ দিনের মাথায় চাকরি হারালেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি

হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় ১৬ অক্টোবর তার পদ থেকে অপসারিত হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটিই কোনো হোয়াইট হাউস প্রেস সেক্রেটারির সবচেয়ে সংক্ষিপ্ততম মেয়াদের রেকর্ড। এর আগে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে যোগাযোগ পরিচালক অ্যান্থনি স্কারামুচ্চি ১০ দিন দায়িত্ব পালন করে বিদায় নিয়েছিলেন।
প্রেসিডেন্ট ট্রাম্প তার নিয়োগের সময় তাকে একজন ‘আইনজীবী’ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তবে বিভিন্ন অনুসন্ধানে জানা যায়, ২০১১ সালে পেপারডাইন ইউনিভার্সিটির ল স্কুল থেকে পাস করলেও তিনি ক্যালিফোর্নিয়ার ‘বার পরীক্ষা’ পাস করেননি, যা ছাড়া যুক্তরাষ্ট্রে আইনি পেশা পরিচালনা অবৈধ। পরবর্তীতে তিনি নিজেও ফক্স নিউজের এক সাক্ষাৎকারে স্বীকার করেন যে তিনি বার পরীক্ষায় অকৃতকার্য হয়েছিলেন।
গত মঙ্গলবার হোয়াইট হাউসের ব্রিফিং কক্ষে তার প্রথম সংবাদ সম্মেলনটি ছিল অত্যন্ত নড়বড়ে। মাত্র ১৫ মিনিটের সেই ব্রিফিংয়ে তিনি দীর্ঘক্ষণ ট্রাম্পের প্রশংসা সংবলিত লিখিত বক্তব্য পড়ে শোনান এবং সাংবাদিকদের মাত্র তিনটি প্রশ্নের উত্তর দিয়ে ব্রিফিং শেষ করেন।
বিতর্ক তীব্র হওয়ার পর শুক্রবার সকালে প্রেসিডেন্ট ট্রাম্প কেটি জাকারিয়াকে এই পদে থাকার বিষয়টি পুনর্বিবেচনা করার পরামর্শ দেন এবং তাঁর কিছু সময় পরই হোয়াইট হাউসের কর্মকর্তারা তার বিদায়ের বিষয়টি নিশ্চিত করেন।
ভোরের আকাশ/আ.র