কুয়েতের আকাশে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

কুয়েতের আকাশে যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় সোমবার (২ মার্চ) সকালের দিকে এ ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন-ইরান যুদ্ধের তৃতীয় দিনে মধ্যপ্রাচ্যজুড়ে হামলা চলার মধ্যেই এই ঘটনা ঘটল। বিমানটির পাইলট নিরাপদ আছেন বলে ধারণা করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একিটি ভিডিওতে দেখা গেছে, আকাশে উড়ন্ত অবস্থায় ইরানের হামলায় মার্কিন যুদ্ধবিমানটিতে আগুন লেগে যায়। বিমানটি পুরোপুরি বিধ্বস্ত হওয়ার আগেই পাইলট ইজেক্ট করতে (প্যারাসুট নিয়ে বেরিয়ে আসা) সক্ষম হন। পরে একটি গাড়ির ভেতর তাকে আশ্রয় দেওয়া হয়েছে।
তবে ভিডিওতে ধরা পড়া এই বিমান বিধ্বস্তের কারণ এখনও অস্পষ্ট বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, যদ্ধবিমানটি সম্ভবত ‘ফ্রেন্ডলি ফায়ার’-এর (নিজ বাহিনীর হামলা) শিকার হয়েছে; অর্থাৎ একটি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স ব্যাটারি থেকে সেটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।
প্যাট্রিয়ট সিস্টেম হলো যুক্তরাষ্ট্রে তৈরি একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা ব্যালিস্টিক মিসাইল বা শত্রু বিমান ধ্বংস করার জন্য ডিজাইন করা। তবে বিরল ক্ষেত্রে, ভুল শনাক্তকরণ, রাডার বিভ্রাট বা আইএফএফ যান্ত্রিক ত্রুটির কারণে নিজেদের বিমানকেও শত্রু হিসেবে চিহ্নিত করার ঘটনা ঘটতে পারে।
ভোরের আকাশ/আ.র