আফ্রিকায় অভিবাসী নৌকা ডুবে অন্তত ৭০ জনের মৃত্যু

পশ্চিম আফ্রিকার উপকূলে অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। গাম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের জন্য এই পথটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং ভয়াবহ দুর্ঘটনার এক।
মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার ভোরে মৌরিতানিয়ার উপকূলে গাম্বিয়া থেকে ছেড়ে আসা নৌকাটি ডুবে যায়। এতে আনুমানিক ১৫০ জন যাত্রী ছিল, যাদের মধ্যে ১৬ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ আরও ৩০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
মৌরিতানিয়ান কর্তৃপক্ষ বুধবার এবং বৃহস্পতিবার মোট ৭০টি মৃতদেহ উদ্ধার করেছে। প্রত্যক্ষদর্শীরা মনে করছেন, মৃতের সংখ্যা ১০০-এরও বেশি হতে পারে।
পশ্চিম আফ্রিকার উপকূল থেকে ক্যানারি দ্বীপপুঞ্জ পর্যন্ত অ্যাটলান্টিক অভিবাসন রুটটি দিয়ে সাধারণত আফ্রিকানরা স্পেনে পৌঁছানোর চেষ্টা করেন। এটি বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অভিবাসন রুটগুলোর মধ্যে অন্যতম।
ইউরোপীয় ইউনিয়নের তথ্য অনুযায়ী, গত বছর ৪৬ হাজারেরও বেশি অনিয়মিত অভিবাসী ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছে। অধিকার গোষ্ঠী ক্যামিন্যান্ডো ফ্রন্টেরাস বলছে, এই যাত্রায় ১০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে, যা ২০২৩ সালের তুলনায় ৫৮ শতাংশ বেশি।
গাম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের এই ধরনের বিপজ্জনক যাত্রা থেকে বিরত থাকার জন্য সতর্ক করেছে।
ভোরের আকাশ//হ.র