হরমুজ খুলে না দিলে ‘নরক নেমে আসবে’, ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরানকে নতুন করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের ওপর ‘নরক নেমে আসবে’।
শনিবার (৪ এপ্রিল) সকালে হোয়াইট হাউসে অবস্থানকালে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ট্রাম্প লিখেছেন, ‘মনে আছে, আমি ইরানকে চুক্তি করার অথবা হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ১০ দিন সময় দিয়েছিলাম?’
সময় ফুরিয়ে আসছে উল্লেখ করে তিনি আরও বলেন, আর মাত্র ৪৮ ঘণ্টা বাকি, এরপর তাদের ওপর নরক নেমে আসবে।
এর আগে ট্রাম্প প্রশাসন ইরানকে এই গুরুত্বপূর্ণ নৌপথ সচল করার জন্য ৬ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। সেই সময়সীমা ঘনিয়ে আসার মুখেই ট্রাম্প এই চরম বার্তা দিলেন।
এদিকে ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা নিয়ে এখন পর্যন্ত ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। সূত্র: এপি
ভোরের আকাশ/এসএইচ