উত্তপ্ত বাক্যবিনিময়
লন্ডনের রাস্তায় দুবাইয়ের শাসককে ঘিরে বিক্ষোভ!

সুদানে চলমান যুদ্ধ নিয়ে সংযুক্ত আরব আমিরাতে র ভূমিকার প্রতিবাদে যুক্তরাজ্যের লন্ডনে বিক্ষোভের মুখে পড়েছেন দুবাইয়ের শাসক ও আমিরাতের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম।
মঙ্গলবার (১১ আগস্ট) প্রকাশ্যে আসা একটি ভিডিওতে দেখা যায়, লন্ডনের নাইটসব্রিজ এলাকায় সফরসঙ্গীদের নিয়ে হাঁটছিলেন মাকতুম। এ সময় এক সুদানি নাগরিক তাকে উদ্দেশ করে প্রকাশ্যে প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন।
প্রতিবাদকারী সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে সুদানের বেসামরিক মানুষ হত্যায় জড়িত থাকার অভিযোগ তুলে দেশটিতে রক্তপাত বন্ধের দাবি জানান। একই সঙ্গে সুদানের চলমান সংঘাতে আমিরাতের ভূমিকারও তীব্র সমালোচনা করেন তিনি।
একপর্যায়ে মাকতুমের সফরসঙ্গীদের একজন প্রতিবাদকারীর দিকে এগিয়ে গেলে তাদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। ভিডিওতে ওই ব্যক্তিকে প্রতিবাদকারীর উদ্দেশে আপত্তিকর মন্তব্য করতে শোনা যায়। পরে তিনি রাস্তা পার হয়ে সরাসরি ওই প্রতিবাদকারীর মুখোমুখি হন।
প্রতিবাদকারী এ সময় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের বিরুদ্ধেও অভিযোগ তুলে সুদানের সংঘাতে আমিরাতের ভূমিকার সমালোচনা করেন।
সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে ২০২৩ সালের এপ্রিল থেকে সংঘাত চলছে। দীর্ঘস্থায়ী এই যুদ্ধে দেশটিতে ব্যাপক প্রাণহানি, বাস্তুচ্যুতি ও মানবিক সংকট তৈরি হয়েছে।
আরএসএফকে সামরিক সহায়তা দেওয়ার অভিযোগ সংযুক্ত আরব আমিরাত বরাবরই অস্বীকার করে আসছে। তবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদন ও পর্যবেক্ষণে আরএসএফকে আমিরাতের অস্ত্র ও অন্যান্য সহায়তা দেওয়ার অভিযোগ উঠে এসেছে। লিবিয়া, চাদ ও সোমালিল্যান্ড হয়ে আরএসএফের কাছে অস্ত্র সরবরাহের অভিযোগ নিয়েও বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে।
সুদানের যুদ্ধ ঘিরে আমিরাতের ভূমিকা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিতর্কের মধ্যেই লন্ডনের রাস্তায় দুবাইয়ের শাসককে ঘিরে প্রকাশ্য এই প্রতিবাদের ঘটনা নতুন করে আলোচনায় এসেছে।
ভোরের আকাশ/এনএ