রাখাইনে জান্তা–আরাকান আর্মির তীব্র সংঘর্ষ, জনশূন্য ২০ গ্রাম

মিয়ানমারের রাখাইন প্রদেশের কিয়াউকফিউ এলাকায় সামরিক জান্তা বাহিনী ও আরাকান আর্মির মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। সংঘর্ষের কেন্দ্রবিন্দু হিসেবে মিন পিয়িন গ্রাম চিহ্নিত করা হয়েছে, যেখানে আরাকান আর্মির পরিকল্পিত হামলায় জান্তা বাহিনীকে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হয়েছে।এর পাশাপাশি প্রায় ২০টি গ্রাম জনশূন্য হয়ে গেছে এবং নতুন করে প্রায় ১০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে বিভিন্ন এলাকায় কোণঠাসা হয়ে পড়েছে জান্তা বাহিনী। অনেক রাজ্যে বিদ্রোহী প্রতিরোধ যোদ্ধারা জান্তার ঘাঁটি দখল করেছে। বিদ্রোহীদের দখলে থাকা অঞ্চল পুনঃদখলের চেষ্টা করছে সামরিক বাহিনী।
সম্প্রতি মিন পিয়িন থানার সামনে অবস্থানরত জান্তা সেনাদের ওপর ড্রোন হামলা চালায় আরাকান আর্মি। এতে অন্তত ১০ জন সেনা নিহত হন। এরপর ১৮ নভেম্বর মিন পিয়িন, ওয়া নাচুইন, লাকেটিনসহ আশপাশের গ্রামে বোমাবর্ষণ চালায় জান্তা বাহিনী, যার ফলে কয়েক হাজার মানুষ পালিয়ে যেতে বাধ্য হন।
জান্তা সেনারা মিন পিয়িনের কাছে আরাকান আর্মির একটি গুরুত্বপূর্ণ পাহাড়ি শিবির দখল করলেও, পালটা হামলায় আবার পিছু হটতে হয়। কিয়াউকফিউ ও রাখাইন-মেইনল্যান্ড সীমান্ত এলাকায় বর্তমানে তীব্র সংঘর্ষ চলছে।
স্থানীয়রা জানান, শহরে স্কুল ও গ্রাম লক্ষ্য করে নৌবাহিনী হামলা চালাচ্ছে। ত্রাণকর্মীরা বলছেন, স্থানীয়রা আতঙ্কে দিন পার করছে। এই সহিংসতায় নতুন করে প্রায় ১০ হাজার মানুষ আশ্রয়হীন হয়েছেন।
ভোরের আকাশ/তা.কা