হুতিদের হামলা ঠেকাতে সৌদিকে সহায়তায় প্রস্তুত মিসর

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হামলা ঠেকাতে সৌদি আরবকে সব ধরনের প্রয়োজনীয় সামরিক ও প্রতিরক্ষামূলক সহায়তা দিতে প্রস্তুত রয়েছে মিসর।
সম্প্রতি হুতি বিদ্রোহীরা সৌদি আরবের জ্বালানি স্থাপনা (আরামকো) এবং রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে। এর পরিপ্রেক্ষিতে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এবং দেশের জাতীয় প্রতিরক্ষা কাউন্সিল এই ঘোষণা দেয়।
শনিবার মিসরের সামরিক একাডেমির সমাবর্তন অনুষ্ঠানে সিসি বলেন, আঞ্চলিক সংঘাতে জড়ানোর ইচ্ছা মিসরের নেই। তবে সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হতে পারে, এমন পরিস্থিতি মেনে নেওয়া সম্ভব নয়।
সিসি বলেন, সৌদি বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশনা পেলে সৌদি আরবকে সুরক্ষা দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে মিসর। এক্ষেত্রে আক্রমণ নয়, শুধু প্রতিরক্ষার বিষয়টি বিবেচনায় রয়েছে।
সৌদি আরবের প্রতিরক্ষায় সহায়তার জন্য মিসরের পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন বলে জানান সিসি। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে রোববার পার্লামেন্টে জরুরি অধিবেশন হওয়ার কথা রয়েছে।
ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের জ্বালানি স্থাপনা ও রাজধানী রিয়াদের প্রধান বিমানবন্দরে হামলা জোরদার করার মধ্যে এ ঘোষণা এল। এক সপ্তাহ আগে দেশটিতে হুতিদের এক হামলায় ১৮ জন নিহত হন বলে জানিয়েছে রয়টার্স।
এক দশকের বেশি সময়ের মধ্যে সৌদি আরবে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা ছিল বলে ডয়চে ভেলের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০১৫ সালে ইয়েমেনের গৃহযুদ্ধে হুতিদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের অভিযানে অংশ নিয়েছিল মিসর। দুই দেশের মধ্যে শক্তিশালী কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্কও রয়েছে।
এদিকে, লোহিত সাগরে হুতিদের হামলায় জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় সুয়েজ খাল থেকে মিসরের আয়ও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ভোরের আকাশ/আ.র