জেরুজালেমে স্কুলে যাওয়ার পথে শিশুকে গুলি করে হত্যা

পূর্ব জেরুজালেমের শুফাত শরণার্থীশিবিরে শনিবার (২১ নভেম্বর) সকালে স্কুলে যাওয়ার পথে ১০ বছর বয়সী এক শিশুকে গুলি করে হত্যা করা হয়েছে। সকালে স্কুলের কাছে ব্যাগ কাঁধে হাঁটার সময় তাকে গুলি করা হয়। আশপাশে থাকা অন্য শিক্ষার্থীরা ঘটনাটি প্রত্যক্ষ করে।
নিহত শিশুটির নাম কুসাই আল-জুলানি। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে, হামলার আগে সন্দেহভাজন ব্যক্তি শিশুটিকে ডেকে বলে, ‘এদিকে এসো, আমরা তোমাকে কিছু বলব।’ এরপরই তাকে গুলি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটির মাথা ও পেটে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঘটনাস্থল থেকে চিকিৎসার জন্য নেওয়া হয়। হামলাকারী পায়ে হেঁটে পালিয়ে যায়।
স্থানীয় সময় সকাল ৭টা ৩৭ মিনিটে গুলির ঘটনায় জরুরি সহায়তার জন্য মাগেন ডেভিড অ্যাডোমের (এমডিএ) জরুরি নম্বরে ফোন আসে। পরে শিশুটিকে শুফাত চেকপোস্টের কাছে জরুরি চিকিৎসাকর্মীদের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় শিশুটি অচেতন ছিল এবং তার শ্বাস ও হৃদ্স্পন্দন পাওয়া যাচ্ছিল না। চিকিৎসকেরা ঘটনাস্থলেই পুনরুজ্জীবন প্রক্রিয়া শুরু করেন। পরে তাকে জেরুজালেমের হাদাসাহ মাউন্ট স্কোপাস হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
হত্যার তদন্তে পুলিশ
ঘটনার পর জেরুজালেম জেলা পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ শুরু করেন। হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ঘটনাটিকে অপরাধমূলক ঘটনা বলে ধারণা করা হচ্ছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, দুই পরিবারের মধ্যে চলমান মাদকসংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে।
জেরুজালেম জেলা পুলিশের কমান্ডার আভশালোম পেলেড ঘটনাস্থলে গিয়ে তদন্তের অগ্রগতি পরিদর্শন করেন। তিনি বলেন, ঘটনাটি বর্তমানে জেলার পুলিশের ‘সর্বোচ্চ অগ্রাধিকার’। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিকে দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে সব ধরনের প্রযুক্তিগত ও বিশেষ ব্যবস্থা কাজে লাগানো হচ্ছে।
আরেক হামলায় নারী নিহত
এই হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা আগেই ইসরায়েলের আরব অধ্যুষিত তিরা শহরে আরেকটি প্রাণঘাতী ঘটনা ঘটে। শুক্রবার রাতে গাড়িতে থাকা বিস্ফোরক বিস্ফোরণে ৩১ বছর বয়সি হায়া কাসেম নিহত হন।
গাড়িতে তার ৭ ও ২ বছর বয়সি দুই সন্তানও ছিল। তারা সামান্য আহত হয়। পুলিশ ঘটনাটিকেও অপরাধমূলক কর্মকাণ্ড হিসেবে তদন্ত করছে।
পুলিশের তথ্য অনুযায়ী, কাসেমের কোনো অপরাধের রেকর্ড ছিল না। তাকে আগে থেকে হুমকি দেওয়া হয়েছিল-এমন তথ্যও পাওয়া যায়নি। অপরাধী চক্রের সঙ্গে তার কোনো যোগসূত্র ছিল বলেও জানা যায়নি।
মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি প্রাণঘাতী ঘটনা ইসরায়েলের আরব সম্প্রদায়ের মধ্যে চলমান সহিংসতার বিষয়টি আবারও সামনে এনেছে। এক ঘটনায় গাড়ি বিস্ফোরণে এক নারী নিহত হয়েছেন, অন্য ঘটনায় স্কুলে যাওয়ার পথে প্রাণ হারিয়েছে ১০ বছরের এক শিশু। শুফাতের ঘটনায় হামলাকারীকে ধরতে পুলিশের অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।
ভোরের আকাশ/আ.র