ইরানে হামলায় কৌশল বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, ব্যবহৃত হচ্ছে বি-১ বোমারু

ইরানের ওপর সাম্প্রতিক হামলায় যুক্তরাষ্ট্র দূরপাল্লার বি-১ বোমারু বিমান ব্যবহার করেছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত ২১ জুলাই রাতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলায় এ বিমান ব্যবহার করা হয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১২ দিন আগে নতুন করে হামলা-পাল্টা হামলা শুরু হওয়ার পর এই প্রথম বি-১ বোমারু বিমান ব্যবহার করল যুক্তরাষ্ট্র।
এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি সংঘাতের প্রথম পর্যায়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় বি-২ স্টেলথ বোমারু বিমান ব্যবহার করা হয়েছিল। অ্যাক্সিওসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, অভিযানে অংশ নেওয়া বি-১ বোমারু বিমানটি যুক্তরাজ্যের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করে। এ ধরনের বিমান প্রায় ২৪টি ভারী বোমা অথবা কয়েক ডজন ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম।
বিশ্লেষকদের মতে, নতুন সংঘাতে বি-১ বোমারু বিমান ব্যবহারের ঘটনা ইঙ্গিত দিচ্ছে যে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পরিধি আরও বিস্তৃত হচ্ছে। তবে মঙ্গলবারের হামলা নিয়ে মার্কিন সামরিক বাহিনীর প্রকাশিত আনুষ্ঠানিক বিবৃতিতে বি-১ বোমারু বিমান ব্যবহারের বিষয়টি উল্লেখ করা হয়নি।
ভোরের আকাশ/সু.পা