ওমান উপসাগরে ইরানি জাহাজ আটকের দাবি ট্রাম্পের

ওমান উপসাগরে নৌ অবরোধ ভাঙার চেষ্টা করলে একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজে গুলি চালিয়ে সেটি জব্দ করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। এমতটা দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার (১৯ এপ্রিল) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘টউস্কা’ নামের প্রায় ৯০০ ফুট দীর্ঘ ওই জাহাজটি মার্কিন নৌ অবরোধ অতিক্রমের চেষ্টা করেছিল, কিন্তু তা সফল হয়নি।
তিনি জানান, মার্কিন নৌবাহিনীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস স্প্রুয়ান্স ওমান উপসাগরে জাহাজটিকে থামানোর জন্য প্রথমে সতর্কবার্তা দেয়। তবে জাহাজটির ইরানি ক্রুরা তা উপেক্ষা করলে ইঞ্জিন কক্ষে গুলি করে জাহাজটিকে অচল করে দেওয়া হয়। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, বর্তমানে মার্কিন মেরিন সদস্যরা জাহাজটির নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে, গুরুত্বপূর্ণ এই জলপথে সাম্প্রতিক কার্যক্রমের মাধ্যমে ইরান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করেন ট্রাম্প। অন্যদিকে, তেহরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘বিশ্বাসভঙ্গের’ অভিযোগ তুলে আবারও ওই প্রণালির মধ্য দিয়ে বেশিরভাগ জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে বলে জানা গেছে।
ভোরের আকাশ/আ.র