জ্বালানি সংকটে রাশিয়ার তেল নিচ্ছে যুক্তরাজ্য

পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনা ও হরমুজ প্রণালিতে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কার মধ্যে রাশিয়ার অশোধিত তেল আমদানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করেছে ব্রিটেন। জ্বালানি তেল ও গ্যাসের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
ব্রিটিশ সরকারের এই অনুমোদন গত বুধবার থেকে কার্যকর হয়েছে। তবে সিদ্ধান্তটির নির্দিষ্ট মেয়াদ ঘোষণা করা হয়নি। জানানো হয়েছে, পরিস্থিতি বিবেচনায় এটি পর্যায়ক্রমে পর্যালোচনা করা হবে।
হরমুজ প্রণালিতে অচলাবস্থার কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় স্টার্মার প্রশাসন বিকল্প ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে ব্রিটেন সরাসরি রাশিয়া থেকে তেল আমদানি করবে না। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, তৃতীয় কোনো দেশ রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি করে নিজেদের শোধনাগারে তা পরিশোধনের পর যুক্তরাজ্যে রপ্তানি করতে পারবে।
উল্লেখ্য, ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর মস্কোর ওপর চাপ বাড়াতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো রুশ তেল আমদানির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। সেই প্রেক্ষাপটে ব্রিটেনও রুশ জ্বালানি আমদানি সীমিত করেছিল।
ভোরের আকাশ/সু.পা