আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন মোদির এক মন্ত্রী

ভারতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বাধীন চলমান আন্দোলনের মধ্যেই দেশটির একজন কেন্দ্রীয় মন্ত্রী পদত্যাগ করেছেন। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চালাচ্ছে ভারতের শিক্ষার্থীরা। ঠিক এসন সময় মোদির মন্ত্রিসভা থেকে সরে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ প্রতিমন্ত্রী রবনীত সিং বিট্টু।
শুক্রবার (২৪ জুলাই) কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করেন তিনি। ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে আগামী বছর পাঞ্জাবে অনুষ্ঠিতব্য বিধানসভা নির্বাচনের আগে তিনি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। খবর দ্য হিন্দু’র।
রাষ্ট্রপতি ভবনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে ভারতের রাষ্ট্রপতি সংবিধানের অনুচ্ছেদ ৭৫-এর ধারা (২) অনুযায়ী অবিলম্বে কার্যকর হওয়ার জন্য রবনীত সিং-এর কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ গ্রহণ করেছেন।
বিট্টুর রাজ্যসভার মেয়াদ গত ২১ জুন শেষ হয়। আরেক কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়ানও ২৩ জুন কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করেছিলেন, কারণ তার রাজ্যসভার মেয়াদও ২১ জুন শেষ হয়েছিল। তাকে পুনরায় রাজ্যসভায় মনোনীত করা হয়নি।
তিনবারের লোকসভার সদস্য বিট্টু সম্প্রতি ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি পাঞ্জাবে ফিরে গিয়ে রাজ্যের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করবেন।
দলীয় সূত্রের মতে, তিনি আসন্ন বিধানসভা নির্বাচনে লুধিয়ানা (সেন্ট্রাল) বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। বিট্টুর পাঞ্জাবে প্রত্যাবর্তনকে ২০২৭ সালের নির্বাচনের আগে রাজ্যে বিজেপির সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করা এবং তৃণমূল পর্যায়ে দলের উপস্থিতি শক্তিশালী করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।
রাজ্যসভায় যাওয়ার আগে বিট্টু একবার আনন্দপুর সাহিব এবং দু’বার লুধিয়ানা লোকসভা কেন্দ্রের প্রতিনিধিত্ব করেছিলেন।
ভোরের আকাশ/ইউএম