বিশ্বের নির্ভরযোগ্য প্রতিরক্ষা অংশীদার হচ্ছে ভারত: মোদি

বিশ্বের বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী হিসেবে ভারত আত্মপ্রকাশ করছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে ভারত নিজেদের প্রতিরক্ষা সক্ষমতাও দ্রুত শক্তিশালী করছে বলে জানিয়েছেন তিনি। রোববার (২৬ জুলাই) মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এ বক্তব্য দেওয়ার সময় মোদি এসব কথা বলেন। এ সময় তিনি ১৯৯৯ সালের কারগিল যুদ্ধে অংশ নেওয়া ভারতীয় সেনাদের সাহসিকতার প্রশংসা করেন।
মোদি বলেন, “১৯৯৯ সালের কারগিল যুদ্ধে কঠিন আবহাওয়া ও শত্রুপক্ষের চ্যালেঞ্জ মোকাবিলা করে ভারতীয় সেনারা অসাধারণ সাহসিকতা দেখিয়েছিলেন। কারগিল বিজয় দিবস আমাদের গর্বিত করে এবং এটি সেনাদের বীরত্ব ও আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়।”
ভারত বৈশ্বিক প্রতিরক্ষা সহযোগী হিসেবে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “ভারত একটি বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করছে। পাশাপাশি নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাও আরও শক্তিশালী করছে।”
ভারতীয় প্রধানমন্ত্রী জানান, চলতি মাসের শুরুতে তার ইন্দোনেশিয়া সফরের সময় ভারতীয় প্রযুক্তিতে তৈরি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ও অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম নিয়ে দেশটির সঙ্গে গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে। এ ছাড়া চলতি মাসে ভারত দূরপাল্লার গাইডেড রকেটের সফল পরীক্ষা চালিয়েছে বলেও জানান মোদি। তিনি বলেন, “এই সাফল্যের পেছনে রয়েছে আমাদের বিজ্ঞানী ও প্রকৌশলীদের কঠোর পরিশ্রম।”
মোদি আরও জানান, কয়েক দিন আগেই ভারত ‘কুশা’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। পাশাপাশি গত সপ্তাহে মহাকাশে ভারতের প্রথম বেসরকারি মহাকাশযান ‘বিক্রম-১’-এর অগ্রগতির কথাও উল্লেখ করেন তিনি। সূত্র: দ্য হিন্দু
ভোরের আকাশ/সু.পা