যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের দাবি
ছয় দিনে ২১ ইরানি জাহাজ ফেরত পাঠানো হয়েছে

ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ জারির পর গত ছয় দিনে পারস্য উপসাগর, আরব সাগর ও হরমুজ প্রণালি থেকে ২১টি বাণিজ্যিক জাহাজকে ইরানি বন্দরে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, অবরোধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত যে জাহাজগুলো আটকানো হয়েছে, সেগুলো ইরানের বিভিন্ন বন্দর থেকে যাত্রা শুরু করেছিল এবং সেগুলোকে পুনরায় ইরানি বন্দরে ফিরতে বাধ্য করা হয়েছে।
একই পোস্টে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস মাইকেল মারফির একটি ছবিও প্রকাশ করা হয়। এতে উল্লেখ করা হয়, জাহাজটি ১৭ এপ্রিল আরব সাগরে টহলরত অবস্থায় ছিল।
প্রতিবেদন অনুযায়ী, ১১ এপ্রিল ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের আলোচনার ব্যর্থতার পরদিন ১২ এপ্রিল হরমুজ প্রণালি এবং ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপের ঘোষণা দেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে এক পোস্টে বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে না পৌঁছায়, তবে এই অবরোধ বহাল থাকবে এবং ইরানি বন্দরের সঙ্গে কোনো জাহাজ চলাচল করতে পারবে না বলেও সতর্ক করেন।
ভোরের আকাশ/সু.পা