আইন না মানলে ব্যবস্থা, উত্তরাখণ্ডে ২০ মাদরাসা বন্ধ

ভারতের উত্তরাখণ্ডে অনুমোদনহীন মাদরাসার বিরুদ্ধে অভিযান চালিয়ে এখন পর্যন্ত ২০টি মাদরাসা বন্ধ করে দেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, এসব প্রতিষ্ঠানের অনুমোদন নেই ও সেখানে নির্ধারিত মান অনুযায়ী শিক্ষা দেওয়া হচ্ছে না।
সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যান রোববার (৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, উত্তরাখণ্ডের প্রশাসন তাদের অভিযান প্রাদেশিক রাজধানী দেহরাদুন ও হালদোয়ানিতে বিস্তৃত করেছে।
প্রদেশের সংখ্যালঘু উন্নয়নবিষয়ক বিশেষ সচিব পরাগ মধুকর ধাকে জানিয়েছেন, বন্ধ করে দেওয়া ২০টি মাদরাসার মধ্যে ১৭টি সিলগালা করা হয়েছে। বাকি তিনটি মাদরাসার কর্তৃপক্ষ লিখিতভাবে জানিয়েছে, তারা তাদের কার্যক্রম বন্ধ করে দেবে।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, সরকারের নির্ধারিত আইন ও স্বীকৃতি ছাড়া রাজ্যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করতে দেওয়া হবে না।
সংখ্যালঘুদের পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে উত্তরাখণ্ডে নতুন ব্যবস্থা চালু করা হয়েছে। রাজ্য সরকারের ভাষ্য, আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার মান প্রতিষ্ঠাই এই ব্যবস্থার মূল লক্ষ্য।
মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, শিশুদের শিক্ষার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। যারা আইন ও নির্ধারিত নিয়ম মেনে চলবে না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে। সূত্র: দ্য স্টেটসম্যান
ভোরের আকাশ/সু.পা