ইরানের পরমাণু নীতি পরিবর্তনের বিপক্ষে চীন ও রাশিয়া: আরাগচি

ইরানের পরমাণু নীতি পরিবর্তনের বিষয়ে দেশটির ভেতরে জোরালো দাবি উঠেছে। তবে দেশটির দুই শক্তিশালী মিত্র চীন ও রাশিয়া এর বিরোধিতা করছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
শনিবার (২১ নভেম্বর) রাষ্ট্রীয় সংবাদপত্র ‘ইরান ডেইলি’-তে প্রকাশিত এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, বিষয়টি অত্যন্ত ‘বিস্তৃত ও গুরুতর’। এর পক্ষে-বিপক্ষে ‘সমর্থক ও বিরোধিতাকারী’ উভয় পক্ষই রয়েছে।
তিনি আরও যোগ করেন, ইরানের পরমাণু নীতি পরিবর্তনের বিষয়ে ‘রাশিয়া ও চীনও বিরোধিতা করছে’। উল্লেখ্য, এই দুটি দেশের সঙ্গেই ইরানের কৌশলগত সহযোগিতা চুক্তি রয়েছে।
আরাগচি বলেন, ‘মূল বিষয় হলো, এখন পর্যন্ত আমাদের পরমাণু নীতিতে কোনও পরিবর্তন আসেনি। আমাদের আনুষ্ঠানিক অবস্থান আগের মতোই অপরিবর্তিত রয়েছে।’
দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জারি করা ফতোয়া অনুযায়ী, পারমাণবিক অস্ত্রসহ যেকোনও গণবিধ্বংসী অস্ত্র তৈরি করা নিষিদ্ধ। ইরানের সরকার এখনও সেই নীতি অনুসরণ করছে। যদিও ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) শীর্ষ কর্মকর্তারাও এখন পারমাণবিক নীতি পরিবর্তনে পক্ষে পরোক্ষভাবে আওয়াজ তুলছেন। তবে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও তার মধ্যপন্থি সরকার আপাতত সেই দাবি কানে তুলছে না।
পররাষ্ট্রমন্ত্রী আরাগচির ভাষায়, ‘এমন অনেকেই আছেন যারা মনে করেন দেশের পরমাণু নীতি বর্তমান অবস্থাতেই বজায় রাখা উচিত। আবার অন্যরা এটি পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা বলছেন। উভয় পক্ষেরই নিজস্ব যুক্তি ও ব্যাখ্যা রয়েছে।’
এদিকে, নিরাপত্তার উদ্বেগ দেখিয়ে এবং নিজেদের পারমাণবিক স্থাপনায় মার্কিন ও ইসরায়েলি হামলার নিন্দা না জানানোয় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) পারমাণবিক কেন্দ্রগুলো পরিদর্শনে নিষেধাজ্ঞা দিয়েছে ইরান। গত সপ্তাহে জাতিসংঘের এই পরমাণু তদারকি সংস্থাটি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে পরিদর্শকদের ফিরে যাওয়ার অনুমতি দিতে ইরানকে ‘ধাপে ধাপে পদক্ষেপ’ নেয়ার আহ্বান জানায়। সংস্থাটি বলেছে, এই প্রবেশাধিকার অত্যন্ত ‘জরুরি’।
ভোরের আকাশ/আ.র