ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতায় ২৪০০ জন গ্রেপ্তার, সহস্রাধিক পুলিশ আহত

স্কুলশিক্ষা সংস্কার ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে শুরু হওয়া বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। ভাঙচুর, লুটপাট ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় দেশটিতে প্রায় ২ হাজার ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন প্রায় এক হাজার পুলিশ ও নিরাপত্তাকর্মী। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় দেড় হাজার দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান।
ফরাসি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শনিবার (১৭ অক্টোবর) পর্যন্ত বিক্ষোভে সহিংসতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা, সরকারি সম্পত্তির ক্ষতিসাধন ও জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে ২ হাজার ৩৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আহত ৯৯৭ জন পুলিশ ও নিরাপত্তা সদস্যের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।
রোববারও (১৮ অক্টোবর) জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভের বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, এ ধরনের সহিংসতার কোনো যৌক্তিকতা থাকতে পারে না।
খুচরা ব্যবসায়ীদের সংগঠন রিটেইল অ্যান্ড ট্রেড ফেডারেশনের প্রেসিডেন্ট আলেকজান্দ্রে বোম্পার রোববার এলসিআই টেলিভিশনকে বলেন, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় হাজার দোকানের অধিকাংশই লুটপাটের শিকার হয়েছে। ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক শ মিলিয়ন ইউরো হতে পারে বলে ধারণা করছেন তিনি। তবে ক্ষতির সুনির্দিষ্ট হিসাব দেওয়ার সময় এখনো হয়নি বলে জানান বোম্পার।
সহিংসতা নিয়ে ম্যাক্রোঁর ক্ষোভ
রোববার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বিক্ষোভের নামে সহিংসতা, ভাঙচুর ও লুটপাটের নিন্দা জানান প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেন, “আজ আমরা ক্ষুব্ধ, লজ্জিত। যে অভূতপূর্ব ও অনিয়ন্ত্রিত সহিংসতা চলছে, তার কোনো যৌক্তিকতা থাকতে পারে না।”
ম্যাক্রোঁ আরও বলেন, আন্দোলনের নামে যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে, ভাঙচুর ও লুটপাট করেছে, তাদের অবশ্যই এর দায় নিতে হবে। দাঙ্গাকারীদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে থাকবে বলেও জানান তিনি।
শহর, সরকারি ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় মেয়রদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান ফরাসি প্রেসিডেন্ট।
শহরের রাস্তাঘাট এভাবে ক্ষতিগ্রস্ত হতে দেখা অসহনীয় উল্লেখ করে ম্যাক্রোঁ ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সহায়তা দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন। সূত্র : ফ্রান্স ২৪ ডটকম, ফ্রার্স্টপোস্ট
ভোরের আকাশ/সু.পা