যুক্তরাষ্ট্রকে ফের ঘাঁটি দিলে বাহরাইনের পরিণতি হবে ভয়াবহ : মোত্তাকি

যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ ইস্যুতে আবারও যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্রকে বাহরাইনের সামরিক ঘাঁটি ব্যবহার করতে দিলে দেশটির নাম ভুলিয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে ইরান। বৃহস্পতিবার (১৪ মে) এ হুমকি দেন ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান আইনপ্রণেতা মানুচেহের মোত্তাকি।
তিনি বলেন, “যদি যুদ্ধ শুরু হয় এবং বাহরাইন আবারও তাদের ঘাঁটি যুক্তরাষ্ট্রকে ব্যবহারের সুযোগ দেয়, তাহলে আমরা বাহরাইনে এত বেশি হামলা চালাব যে তারা নিজেদের নাম পর্যন্ত ভুলে যাবে।”
মোত্তাকি অভিযোগ করেন, দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর বাহরাইন পরিস্থিতিকে আরও উসকে দিয়েছে। তিনি বলেন, “আলি খামেনিকে হত্যার পর আমাদের প্রতি সহানুভূতি না দেখিয়ে তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে আনা একটি প্রস্তাবে সমর্থন দিয়েছে।”
এ ছাড়া গত মাসে তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের বৈঠকেও বাহরাইন ইরানের বিরুদ্ধে একটি বিল পাসের চেষ্টা করেছিল বলে দাবি করেন তিনি। তবে কূটনৈতিক তৎপরতা ও অন্যান্য দেশের সহযোগিতায় ইরান সেটি ঠেকাতে সক্ষম হয়েছে বলে উল্লেখ করেন মোত্তাকি।
উল্লেখ্য, বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত।
গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে তেহরান বাহরাইনে ব্যাপক হামলা চালায় বলে দাবি করা হয়। এমনকি দেশটির কয়েকটি হোটেলেও ইরানি ড্রোন হামলার অভিযোগ ওঠে। ইরানের দাবি ছিল, মার্কিন সেনারা সামরিক ঘাঁটি ছেড়ে ওইসব হোটেলে আশ্রয় নিয়েছিল। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল
ভোরের আকাশ/সু.পা