তিন দিনে ইতালির লাম্পেদুসায় পৌঁছালেন বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী

মাত্র তিন দিনের ব্যবধানে ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ লাম্পেদুসায় পৌঁছেছেন অন্তত ৫০০ অভিবাসনপ্রত্যাশী। একই সময়ে সমুদ্র থেকে উদ্ধার করা হয়েছে দু’জন অভিবাসীর মরদেহ। সোমবার থেকে বুধবার পর্যন্ত দেশটির আইনশৃঙ্খলা বাহিনী এ অভিযান চালায়।
সোমবার রাতে আট মিটার দীর্ঘ একটি নৌকা থেকে ৪৪ জনকে উদ্ধার করে ইতালির ফিন্যান্সিয়াল গার্ড। নৌকাটিতেই পাওয়া যায় দু’জনের মরদেহ। জানা গেছে, তারা হাইড্রোকার্বন বিষক্রিয়ায় মারা গেছেন। বাকি যাত্রীদের মধ্যে তিনজনও বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ায় দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। নিহতদের মরদেহ রাখা হয়েছে কালা পিসানা সিমেট্রির মর্গে।
মঙ্গলবার রাতে আরও পাঁচটি নৌকা ভিড়ে লাম্পেদুসায়। এসব নৌকায় প্রায় ৩০০ অভিবাসী ছিলেন, যাদের মধ্যে আফগানিস্তান, বাংলাদেশ, মিসর, ইরিত্রিয়া, ইথিওপিয়া ও সুদানের নাগরিকরা রয়েছেন। তাদের মধ্যে ছিলেন এক শিশু ও এক গর্ভবতী নারী। অধিকাংশ নৌকা লিবিয়ার আবু কামাশ ও তিউনিসিয়ার এল ওলগা এলাকা থেকে যাত্রা করেছে। যাত্রার জন্য প্রত্যেককে প্রায় ১ হাজার ২০০ ইউরো দিতে হয়েছে বলে জানিয়েছেন অভিবাসীরা।
বুধবারও সমুদ্রের প্রতিকূল আবহাওয়ার মধ্যে উদ্ধার করা হয় দু’টি নৌকা থেকে ৭৪ জনকে। এর মধ্যে একটি রাবারের নৌকায় ছিলেন ২২ জন ইরিত্রিয়ান এবং অপর নৌকায় ৫২ জন মিসরীয়, সুদানিজ, বাংলাদেশি ও সিরীয় নাগরিক।
সাম্প্রতিক সময়ে লাম্পেদুসায় বিপুলসংখ্যক অভিবাসীর আগমন স্থানীয় অভ্যর্থনা কেন্দ্রে চাপ বাড়িয়ে দিয়েছে। শুধু গত শনিবার ও রোববারই ৮৪৭ জন অভিবাসী ১৫টি নৌকায় দ্বীপটিতে পৌঁছেছেন। ফলে সেখানে অভিবাসীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৪০০ জনেরও বেশি, যা সাম্প্রতিক মাসগুলোর মধ্যে সর্বোচ্চ।
তবে সমুদ্রের প্রতিকূল আবহাওয়ার কারণে অভিবাসীদের সিসিলিতে স্থানান্তর প্রক্রিয়া ধীরগতিতে চলছে। মঙ্গলবার সন্ধ্যায় ৩০০ জনকে পোর্তো এমপেডোকলে নেওয়ার পরও হটস্পটে রয়ে গেছে প্রায় ১ হাজার ৪২০ অভিবাসী।
সূত্র: ইনফোমাইগ্রেন্টস
ভোরের আকাশ//হ.র