মুম্বাই-দিল্লিতে হামলার হুমকি পাকিস্তানের সাবেক কূটনীতিকের

পাকিস্তান যদি কোনো বিদেশি শক্তির আক্রমণের শিকার হয়, তবে কোনো প্রকার চিন্তা-ভাবনা ছাড়াই ভারতের মুম্বাই ও দিল্লির মতো মেগাসিটিগুলোকে লক্ষ্যবস্তু করার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভারতে নিযুক্ত পাকিস্তানের সাবেক হাইকমিশনার আব্দুল বাসিত।
সোমবার (২৩ মার্চ) পাকিস্তানের এবিএন নিউজ টিভি চ্যানেলের ‘ডিসাইফার’ নামক একটি অনুষ্ঠানে আলোচনা চলাকালীন তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন।
আলোচনায় আবদুল বাসিত বলেন, যদি কোনও বিদেশি শক্তি বিশেষ করে যুক্তরাষ্ট্র পাকিস্তানের ওপর হামলা চালায়, তাহলে পাকিস্তান ‘দ্বিতীয় কোনও চিন্তা ছাড়াই’ ভারতের মুম্বাই ও দিল্লির মতো মেগাসিটিগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে।
তবে তিনি একইসঙ্গে এ ধরনের পরিস্থিতিকে চরম এবং বাস্তবতায় খুবই অসম্ভব বলেও উল্লেখ করেন। তার দাবি, এমন পরিস্থিতি কেউই চায় না না পাকিস্তান, না ভারত। এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে এবং দুই দেশের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। বিশেষ করে ভারতের বড় শহরগুলোর নাম উল্লেখ করায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
উল্লেখ্য, আবদুল বাসিত ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতে পাকিস্তানের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তার দায়িত্বকালের সময়ই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নতুন করে উত্তেজনার মুখে পড়ে।
বিশ্লেষকদের মতে, এটি সরাসরি কোনও সরকারি অবস্থান নয়; বরং একটি কাল্পনিক পরিস্থিতিতে দেওয়া ব্যক্তিগত মতামত। তবুও সাবেক একজন শীর্ষ কূটনীতিকের এমন বক্তব্য আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।
ভোরের আকাশ/এসএইচ