ফ্লাইটের আগ মুহূর্তে ইসরায়েলি এমপির ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

ইসরায়েলের কট্টর ডানপন্থি দল রিলিজিয়াস জিওনিজম পার্টির সংসদ সদস্য সিমচা রোথম্যানের ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। ফলে দেশটির উদ্দেশ্যে নির্ধারিত সফর বাতিল করতে হয়েছে তাকে। রবিবার (১৭ আগস্ট) অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের বরাতে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।
প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ান জিউশ অ্যাসোসিয়েশনের (এজেএ) আমন্ত্রণে রোথম্যানের কয়েকটি ইহুদি স্কুল ও সিনাগগে বক্তব্য দেওয়ার কথা ছিল। এছাড়া সম্প্রতি ইহুদিবিরোধী হামলার শিকার কিছু ভুক্তভোগীর সঙ্গে সাক্ষাৎ করারও পরিকল্পনা ছিল তার। তবে ফ্লাইট ধরার মাত্র কয়েক ঘণ্টা আগে ক্যানবেরা তার ভিসা বাতিল করে।
এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বলেন, “যারা দেশে বিভাজনের বীজ ছড়াতে চায়, তাদের প্রতি আমাদের সরকারের অবস্থান কঠোর। কেউ যদি ঘৃণা ও বিভেদের বার্তা নিয়ে আসতে চায়, আমরা তাকে স্বাগত জানাই না।” তিনি আরও জানান, ভিসা বাতিলের সঙ্গে মধ্যপ্রাচ্যের চলমান ঘটনাবলীর কোনো সম্পর্ক নেই।
ভিসা বাতিলের ঘটনায় রোথম্যান বা ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো কোনো মন্তব্য করেনি। তবে এজেএ’র প্রধান রবার্ট গ্রেগরি একে ‘জঘন্য ইহুদিবিরোধী পদক্ষেপ’ আখ্যা দিয়ে বলেন, “অস্ট্রেলিয়া সরকার ইসরায়েল ও ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করেই এ সিদ্ধান্ত নিয়েছে।”
গ্রেগরি অভিযোগ করেন, এর ফলে অনেক অস্ট্রেলিয়ান ইহুদি দেশ ছাড়ার কথা ভাবছেন। তিনি আরও জানান, বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ মহলকেও অবহিত করা হয়েছে।
এ প্রথম নয়, এর আগেও ইসরায়েলি নাগরিকদের ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। গত জুনে ইসরায়েলপন্থি কর্মী হিলেল ফাল্ডের ভিসা বাতিল করে ক্যানবেরা, নিরাপত্তার ঝুঁকির কারণ দেখিয়ে। একইভাবে গত বছর ইসরায়েলের সাবেক বিচারমন্ত্রী আয়েলেত শাকেদকেও দেশটিতে প্রবেশ করতে দেওয়া হয়নি।
সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও অস্ট্রেলিয়ার মধ্যে কূটনৈতিক টানাপোড়েন বেড়েছে। আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে অস্ট্রেলিয়া সরকার। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকার ইতোমধ্যেই এর কড়া নিন্দা জানিয়েছে।
ভোরের আকাশ//হ.র