ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী
ট্রাম্প একটু বেশিই কথা বলেন : সাইদ খতিবজাদেহ

শনিবার তুরস্কের আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদেহ বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘একটু বেশিই কথা বলেন’।
সাংবাদিকরা ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য সম্পর্কে জানতে চাইলে খতিবজাদেহ বলেন, মার্কিন প্রেসিডেন্ট অনেক সময় পরস্পরবিরোধী কথা বলেন এবং তিনি আসলে কী বোঝাতে চান, তা পরিষ্কার নয়। তিনি আরও বলেন, ইরানের বিশ্বাস হলো যুদ্ধ কোনো ইতিবাচক ফল আনে না। তবে কোনো ধরনের আক্রমণ হলে নিজেদের রক্ষায় ইরান সম্পূর্ণ প্রস্তুত।
ইরানি এই কর্মকর্তা বলেন, “শেষ ইরানি সৈন্য থাকা পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব”—যদি দেশের ওপর আক্রমণ আসে, তবে প্রতিরোধ অব্যাহত থাকবে। ওয়াশিংটনের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় ইরান এখনো রাজি হয়নি এবং এ বিষয়ে কোনো নির্দিষ্ট তারিখও ঠিক হয়নি। এমন তথ্য জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি।
একটি সূত্রের বরাতে জানানো হয়, যুক্তরাষ্ট্র আলোচনার সময় অতিরিক্ত কিছু দাবি তুলেছে, যা ইরান গ্রহণযোগ্য মনে করছে না। তাই এসব দাবি প্রত্যাহারকে আলোচনার শর্ত হিসেবে রেখেছে তেহরান। সূত্র আরও জানায়, পাকিস্তানের এক মধ্যস্থতাকারীর মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছে যে তারা আপাতত দ্বিতীয় দফার আলোচনায় যেতে রাজি নয়।
ভোরের আকাশ/সু.পা