ট্রাম্পের হুমকি: প্রয়োজনে আবারও ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই নতুন করে হুমকি দিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালাবে।
সোমবার (২১ জুলাই) রাতে নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যালে' দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির স্বীকারোক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর গুরুতর ক্ষতি হয়েছে এবং সেগুলো ধ্বংস হয়েছে। আমি আগেই বলেছিলাম, এবং প্রয়োজনে আমরা আবারও একই কাজ করব।”
এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের একটি প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়নি। এ নিয়ে ট্রাম্প ক্ষোভ প্রকাশ করেন। তিনি সিএনএনকে ভুয়া সংবাদ প্রকাশের অভিযোগ এনে তাদের এক প্রতিবেদককে বরখাস্ত করার দাবি জানান। পাশাপাশি, পারমাণবিক স্থাপনায় হামলায় অংশ নেওয়া ‘মহান পাইলটদের’ কাছে ক্ষমা চাইতেও বলেন তিনি।
অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “আমাদের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি আপাতত ক্ষতির কারণে স্থগিত রাখা হয়েছে। তবে আমরা এটি চিরতরে পরিত্যাগ করব না। এটি আমাদের নিজস্ব বিজ্ঞানীদের অর্জন এবং আমাদের জাতীয় গর্বের প্রতীক।”
সাক্ষাৎকারে তিনি আরও জানান, সাম্প্রতিক ইসরায়েল-ইরান যুদ্ধের প্রেক্ষিতে ওয়াশিংটন তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় এবং এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তিনি স্বীকার করেন, ক্ষতি গুরুতর হলেও ইরান তাদের লক্ষ্য থেকে পিছিয়ে আসবে না।
বিশ্লেষকদের মতে, এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা ডেকে আনতে পারে।
ভোরের আকাশ//হ.র