ইয়েমেনে রাজধানীতে ব্যাপক হামলার প্রস্তুতি সৌদি জোটের

ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত রাজধানী সানায় এক বিশেষ সামরিক অভিযানের প্রস্তুতি হিসেবে বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট।
মঙ্গলবার (১৩ অক্টোবর) জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ম্যাপ প্রকাশ করে এই জরুরি নির্দেশনা জারি করেন।
আল-মালিকি জানিয়েছেন, সানায় ‘বিশেষ অভিযান’ চালানো হবে। সে কারণেই বেসামরিকদের আগেভাগে সরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তিনি এক্স-এ একটি ম্যাপ প্রকাশ করে সরে যাওয়ার নির্দেশনা জারি করেন। ম্যাপে দেখানো হয়েছে সানার ইয়েমেনি তেল কোম্পানি বা আল-সাবাহ কেন্দ্রীয় স্টেশন। মুখপাত্র বলেন, নিজেদের নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষ যেন দ্রুত নিরাপদ স্থানে চলে যান।
এই ঘোষণার পরপরই পাল্টা হুমকি দিয়েছে হুথিরা। তাদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে বলেন, সানায় কোনো হামলা হলে সৌদি রাজধানী রিয়াদে কঠোর ও বেদনাদায়ক জবাব দেওয়া হবে।
দুই পক্ষের মধ্যে গত কয়েকদিন ধরেই উত্তেজনা চরমে। গত শনিবার রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলায় ১২ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হন। এর পর থেকেই সৌদি পক্ষ হুথিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়ে আসছে।
ভোরের আকাশ/আ.র