যুক্তরাষ্ট্রের সঙ্গে একযোগে ইরানে হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যে উচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সোমবার (১৮ মে) দেশটির বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র নতুন কোনো হামলা চালালে তাতে অংশ নিতে প্রস্তুত রয়েছে তেলআবিব। ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান এক নিরাপত্তা কর্মকর্তার বরাতে জানিয়েছে, সম্ভাব্য মার্কিন হামলার অংশ হিসেবে ইসরায়েল ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তু করতে পারে।
এ ঘটনা এমন সময় সামনে এল, যখন রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে ৩০ মিনিটের বেশি সময় ধরে ফোনালাপ হয়। কানের দাবি, ওই আলোচনায় নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা নিয়ে কথা হয়েছে।
চ্যানেল টুয়েলভ জানিয়েছে, ইরানকে ঘিরে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতির অংশ হিসেবেই এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। একই সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে বলেও জানানো হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, সম্ভাব্য হামলার আগে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আগাম তথ্য দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে হামলা কবে হতে পারে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
চ্যানেল টুয়েলভের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ইরানের সঙ্গে নতুন সংঘাত এড়াতে এবং আলোচনার মাধ্যমে সমাধানের জন্য যুক্তরাষ্ট্রের ওপর চাপ দিচ্ছে চীন। সূত্র : আল জাজিরা
ভোরের আকাশ/সু.পা