যুদ্ধবিরতির পরও ইরান-ইসরায়েলের সাইবার সংঘাত তীব্র

যুদ্ধবিরতি চুক্তি ভৌত সংঘাত থামালেও ইরান ও ইসরায়েলের মধ্যে সাইবার যুদ্ধ অব্যাহত রয়েছে। বরং অনলাইন অঙ্গনে পাল্টাপাল্টি হামলা আরও তীব্র হয়েছে বলে জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস।
ইসরায়েলি কর্মকর্তা ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, জুনের সংক্ষিপ্ত যুদ্ধের পর থেকে ইরান-সংযুক্ত গোষ্ঠীগুলো মাইক্রোসফ্ট সার্ভারের নতুন দুর্বলতা কাজে লাগিয়ে ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে হামলার চেষ্টা চালাচ্ছে। ইসরায়েলের সাইবার থ্রেট গোয়েন্দা সংস্থা ক্লিয়ারস্কাইয়ের প্রধান নির্বাহী বোয়াজ দোলভ বলেন, ভৌত যুদ্ধবিরতি থাকলেও সাইবার আক্রমণ বন্ধ হয়নি।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান চেক পয়েন্ট জানিয়েছে, সাম্প্রতিক সময়ে কূটনীতিক ও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আসা ‘স্পিয়ার-ফিশিং’ বার্তার সংখ্যাও বেড়েছে।
জুনের সংঘাতের সময় ইসরায়েল-সম্পৃক্ত হ্যাকার গ্রুপ ‘গনজেশকে দারান্দে’ ইরানের নোবিটেক্স ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ থেকে প্রায় ৯০ মিলিয়ন ডলার হাতিয়ে নেয় এবং ব্যাংক সেপাহ ও ব্যাংক পাসারগাদের প্রধান ও ব্যাকআপ ডেটা সেন্টার অকেজো করে দেয়।
অন্যদিকে, ইরানও পাল্টা হামলায় সক্রিয়। প্রায় ৫০টি ইসরায়েলি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ‘হ্যাক-অ্যান্ড-লিক’ অভিযান চালিয়ে তথ্য ফাঁস করা হয়েছে এবং ম্যালওয়্যার ঢুকিয়ে সিস্টেম ধ্বংসের চেষ্টা হয়েছে। এ হামলার লক্ষ্যবস্তু ছিল মূলত ছোট ও দুর্বল ব্যবসাপ্রতিষ্ঠান, যার মধ্যে লজিস্টিকস, জ্বালানি সরবরাহকারী ও মানবসম্পদ সংস্থাগুলোও রয়েছে। এসব হামলায় প্রতিরক্ষা ও নিরাপত্তা পটভূমির হাজারো ইসরায়েলির ব্যক্তিগত সিভি হাতিয়ে নেওয়া হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, দুই দেশের হ্যাকাররা এখনও পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে এবং সবচেয়ে ঝুঁকিতে রয়েছে ছোট প্রতিষ্ঠানগুলো। সাইবার প্রতিরক্ষা জোরদারে এসব প্রতিষ্ঠানের ব্যয় বেড়ে যাওয়ায় অনেকে আর্থিক চাপের মুখেও পড়ছে।
ভোরের আকাশ//হ.র