ভারতের সঙ্গে রাশিয়ার বন্ধুত্বকে সম্মান করে পাকিস্তান: শেহবাজ

পাকিস্তান ভারতের সঙ্গে রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সম্মান জানাচ্ছে, তবে একই সঙ্গে ইসলামাবাদ মনে করে যে পাকিস্তানের সঙ্গে রাশিয়ার একটি ‘ঘনিষ্ঠ ও দৃঢ়’ সম্পর্ক থাকা উচিত।
চীনের তিয়ানজিনে ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ—ভারত ও পাকিস্তান—উভয়েই সদস্য হিসেবে অংশ নেন।
২ সেপ্টেম্বর, সম্মেলন শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বৈঠকে তিনি বলেন, “ভারতের সঙ্গে রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আমরা সম্মান করি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ; তবে আমরা চাই রাশিয়ার সঙ্গে আমাদেরও দৃঢ় ও শক্তিশালী সম্পর্ক গড়ে উঠুক। পাকিস্তান-রাশিয়া সম্পর্ক দক্ষিণ এশিয়ার উন্নয়ন ও স্থিতিশীলতার ক্ষেত্রে সহায়ক হবে।”
শেহবাজ আরও বলেন, ইসলামাবাদ বাণিজ্য, জ্বালানি, কৃষি, বিনিয়োগ, প্রতিরক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা, শিক্ষা ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে মস্কোর সঙ্গে সম্পর্ক সম্প্রসারণে আগ্রহী। তিনি রাশিয়াকে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ভারসাম্য রক্ষায় অবদান রাখার জন্য ধন্যবাদও জানান।
উত্তরে পুতিন স্বীকার করেন, “কিছু বাস্তব পরিস্থিতির কারণে সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান-রাশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য কমেছে। তবে এটি নগণ্য, এবং সম্পর্ক সম্প্রসারণের জন্য এটি ইতিবাচক সংকেত।”
পাশাপাশি পাকিস্তানে সাম্প্রতিক বন্যায় মানুষের প্রাণহানির বিষয়েও শোক প্রকাশ করেন পুতিন। তিনি বলেন, “সম্প্রতি পাকিস্তান ব্যাপক প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। আমরা এর জন্য শোকাহত।”
শেহবাজ বৈঠকে পুতিনকে জানান, “আপনার নেতৃত্বে পাকিস্তান সমস্ত বাধা ও সংকট অতিক্রম করতে সক্ষম হবে।”
সূত্র: আরটি
ভোরের আকাশ//হ.র