স্ত্রী-কন্যাসহ আল-হাদ্দাদের জানাজায় হাজারো ফিলিস্তিনি

ইসরায়েলি বিমান হামলায় হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেডের প্রধান কমান্ডার ইজ আল-দিন আল-হাদ্দাদ নিহত হয়েছেন। শুক্রবার (১৫ মে) গাজা সিটিতে চালানো ওই হামলায় তার স্ত্রী ও কন্যাও নিহত হন বলে শনিবার (১৬ মে) নিশ্চিত করেছে হামাস। হামাসের মুখপাত্র হাজেম কাসেম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় এ তথ্য জানান।
ফিলিস্তিনি সূত্রগুলোর বরাতে জানা গেছে, শনিবার আল-হাদ্দাদের জানাজায় শত শত মানুষ অংশ নেন। গাজা সিটির কেন্দ্রস্থলে অবস্থিত আল-আকসা শহিদ মসজিদ থেকে জানাজার শোভাযাত্রা শুরু হয়। সেখানে উপস্থিতরা নিহত কমান্ডার, তার স্ত্রী ও কন্যার মরদেহ বহন করেন এবং ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে স্লোগান দেন।
এর আগে শনিবার ইসরায়েলি সেনাবাহিনী ও দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত এক যৌথ বিবৃতিতে দাবি করে, শুক্রবার গাজা সিটিতে চালানো বিমান হামলায় আল-হাদ্দাদ নিহত হয়েছেন।
ইসরায়েলের দাবি, ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পরিকল্পনাকারীদের একজন ছিলেন তিনি। ইসরায়েলি সামরিক প্রধান ইয়াল জামির বলেন, ওই হামলায় জড়িত সবাইকে জবাবদিহির আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।
শুক্রবার গাজার চিকিৎসা সূত্র জানায়, গাজা সিটিতে একটি আবাসিক ভবন ও একটি গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১০ জন নিহত এবং অন্তত ৫০ জন আহত হয়েছেন।
‘ঘোস্ট অব আল-কাসাম’ নামে পরিচিত আল-হাদ্দাদকে ইসরায়েল দীর্ঘদিন ধরে অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করছিল। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তিনি এর আগেও একাধিক হত্যাচেষ্টা থেকে বেঁচে গিয়েছিলেন।
ভোরের আকাশ/সু.পা