ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি আছে: রুবিও

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার প্রক্রিয়া একেবারে শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
তিন দিনের ভারত সফরে এসে মঙ্গলবার (২০ অক্টোবর) মুম্বাইয়ে তিনি জানান, দুই দেশের মধ্যে চুক্তি সম্পাদনের ক্ষেত্রে সামান্য কয়েকটি অমীমাংসিত বিষয় বাকি রয়েছে এবং খুব শীঘ্রই এ বিষয়ে একটি আনুষ্ঠানিক ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে।
চলতি বছর দ্বিতীয়বারের মতো ভারত সফর করছেন রুবিও। এর লক্ষ্য বাণিজ্য উত্তেজনা কাটিয়ে ওঠা ও জ্বালানি সম্পর্ক গভীর করা। মুম্বাইয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘ভারত তাদের জ্বালানি খাতে বৈচিত্র্য আনার আকাঙক্ষা পুনর্ব্যক্ত করেছে। এটি বুদ্ধিমানের মতো কাজ।’
ভারত দীর্ঘদিন ধরে রাশিয়ার তেলের প্রধান আমদানিকারক। গত বছরের এপ্রিলে ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের মধ্যে, এই বিষয়টি উত্তেজনার মাত্রা বাড়িয়েছিল। রুবিও বলেন, বৈচিত্র্য আনার বিষয়টি একদিনে করা সহজ নয়। তবে তারা যথেষ্ট অগ্রগতি অর্জন করেছে।
গত মে মাসে ভারত সফরের সময় রুবিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। কিন্তু এবারের সফরে এমন কোনো সূচি নেই। বরং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠককে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগের মাধ্যমে রুবিও জানান, তারা ভারত-যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক এগিয়ে নেওয়া এবং জ্বালানি নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন।
ভোরের আকাশ/আ.র