বন্দুকধারীদের গুলিতে ইসরায়েলে আহত ৪, নিহত ১

ইসরায়েলের কোখাভ ইয়াইর এলাকায় একটি পেট্রল স্টেশনে বেসামরিক লোকজনকে লক্ষ্য করে চালানো গুলিবর্ষণের ঘটনায় ১ জন নিহত এবং অন্তত ৪ জন আহত হয়েছেন বলে দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।
ইসরায়েলি পুলিশের এক মুখপাত্র জানান, সন্দেহভাজন এক সশস্ত্র ব্যক্তিকে হামলায় জড়িত বলে নিরাপত্তা বাহিনী আটক করেছে। তবে হামলায় জড়িত আরেক ব্যক্তি এখনো পলাতক থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাকে খুঁজতে তল্লাশি অভিযান চলছে। খবর আল জাজিরার।
চিকিৎসা কর্মকর্তাদের বরাতে জানা গেছে, আহত ৪ জনের মধ্যে ১ জনের অবস্থা গুরুতর এবং বাকি তিনজন মাঝারি মাত্রার আহত হয়েছেন। এ ঘটনার পর কালকিলিয়ার কাছে অবস্থিত তসুর ইয়িৎসহাক বসতির বাসিন্দাদের ঘরের ভেতরে থাকতে নির্দেশ দিয়েছে ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের ঘর থেকে বের না হওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।
ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরের কয়েক কিলোমিটার দূরে তসুর নাতান এলাকায় প্রায় ৩০ বছর বয়সী এক ব্যক্তিকে গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় পাওয়া যায়। একই স্থান থেকে আরও একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
সংস্থাটি আরও জানায়, কোখাভ ইয়াইর শহরের কাছে একটি পেট্রল স্টেশনে পৃথক গুলিবর্ষণের ঘটনায় দুই ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া তসুর ইয়িৎসহাক এলাকায় আহত হওয়া আরেক ব্যক্তিকেও চিকিৎসা দেওয়া হয়।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, একাধিক গুলিবর্ষণের ঘটনার খবর পাওয়ার পর সালইত ও তসুর ইয়িৎসহাক এলাকায় সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।
দেশটির সেনাবাহিনীর মতে, ‘কোখাভ ইয়াইরের প্রবেশমুখে গুলিবর্ষণের ঘটনার পর পরিচালিত তল্লাশিতে হামলায় ব্যবহৃত বলে সন্দেহভাজন একটি গাড়ি শনাক্ত করা হয় এবং হামলার জন্য দায়ী বলে ধারণা করা ব্যক্তিকে নিষ্ক্রিয় করা হয়।’
এদিকে ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, হামলার সঙ্গে জড়িত আরেক সন্দেহভাজন ব্যক্তি এখনও পলাতক রয়েছে। তাকে ধরতে নিরাপত্তা বাহিনী ব্যাপক তল্লাশি চালাচ্ছে।
ভোরের আকাশ/সু.পা