খাসির বদলে মুরগির মাংস দেওয়ায় বিয়েবাড়িতে তুমুল সংঘর্ষ, আহত ১২

ভারতের বিহারের সাহারসা জেলার সিমরি বখতিয়ারপুরে বিয়ের অনুষ্ঠানে খাসির মাংসের বদলে মুরগি পরিবেশনকে কেন্দ্র করে বর ও কনেপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা গেছে, বৃহস্পতিবার (৯ জুলাই) মোহাম্মদ আবদুল্লাহ ওরফে চাঁদের সঙ্গে মোহাম্মদ জাভেদের মেয়ের বিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। তবে খাবার পরিবেশনের সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
বরপক্ষের অভিযোগ, তাদের খাসির মাংস খাওয়ানোর প্রতিশ্রুতি দেওয়া হলেও পরিবেশন করা হয় মুরগির মাংস। এ নিয়ে প্রথমে বাকবিতণ্ডা, পরে হাতাহাতি এবং একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজনকে লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে মারামারি করতে দেখা যায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের সিমরি বখতিয়ারপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: এনডিটিভি
ভোরের আকাশ/এনএ