গাজায় শিশুদের হত্যা আন্তর্জাতিক আস্থার পরীক্ষা: আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, গাজা উপত্যকায় নিরীহ শিশুদের বিনা বিচারে হত্যা করা হচ্ছে, যা আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি আস্থার ঘাটতি প্রকাশ করছে। সোমবার তিনি এই মন্তব্য করেন বলে জানিয়েছে আনাদোলু সংবাদ সংস্থা।
চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) প্লাস শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার পর আনোয়ার এ মন্তব্য করেন। সম্মেলনে সভাপতিত্ব করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
আনোয়ার ইব্রাহিম শি জিনপিংয়ের প্রস্তাবিত গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভের প্রসঙ্গ তুলে বলেন, “এই ধারণা এমন এক সময় গভীরভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে যখন বহুপাক্ষিক ব্যবস্থা ভেঙে পড়ছে।”
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, “জাতিসংঘ এখন আর সংস্কারের আকাঙ্ক্ষা বহন করছে না। নৃশংসতা বিনা বিচারে সংঘটিত হচ্ছে।”
প্রধানমন্ত্রী আরও বলেন, “আন্তর্জাতিক ব্যবস্থায় আজকের দিনে আস্থার অভাব লক্ষ্য করা যাচ্ছে। বাণিজ্য, আর্থিক কাঠামো এবং জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়ায় ব্যর্থতা প্রমাণ করেছে যে উচ্চকণ্ঠ ঘোষণাগুলো বাস্তবে জনগণের ভোগান্তির সঙ্গে সম্পর্কহীন।”
অক্টোবর ২০২৩ থেকে ইসরায়েলের হামলায় গাজায় ৬৩ হাজার ৫০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। সামরিক অভিযানে পুরো উপত্যকা বিধ্বস্ত হয়েছে এবং সেখানে দুর্ভিক্ষ দেখা দিয়েছে।
ভোরের আকাশ//হ.র