আফগানিস্তানের পাঁচ প্রদেশে ইন্টারনেট বন্ধের ঘোষণা দিল তালেবান

উত্তর আফগানিস্তানের কুন্দুজ, বাদাখশান, বাগলান, তাখার ও বালখ প্রদেশে ইন্টারনেট ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান প্রশাসন। স্থানীয় সময় বুধবার এই সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রাদেশিক সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, অনৈতিক কার্যকলাপ রোধের উদ্দেশ্যেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তবে সেলফোন ডেটা ব্যবহার করে কিছু পরিমাণে ইন্টারনেট সুবিধা অব্যাহত থাকবে। ফাইবার অপটিক কেবলের মাধ্যমে সরবরাহিত সব সংযোগ ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে।
তালেবান বলেছে, “প্রয়োজনীয় কাজের জন্য বিকল্প ব্যবস্থা চালু করা হবে।” তবে ফাইবার সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় দোকান, অফিস ও আবাসিক স্থাপনা প্রায় ইন্টারনেটবিহীন হয়ে পড়েছে।
এটি আফগানিস্তানে ইন্টারনেট ব্যবহারের ওপর সবচেয়ে বড় নিষেধাজ্ঞার মধ্যে একটি, যা ২০২১ সালে তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকে কার্যকর হয়েছে। দেশটিতে অনলাইনে পর্নোগ্রাফি এবং অনৈতিক যোগাযোগ রোধ করাকে লক্ষ্য করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আফগানিস্তানে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত জালমে খলিলজাদ এই পদক্ষেপকে ‘অযৌক্তিক’ হিসেবে মন্তব্য করেছেন। তিনি বলেন, “যদি পর্নোগ্রাফি সত্যিই উদ্বেগের বিষয় হয়, তাহলে সহজেই ফিল্টার করে তা নিয়ন্ত্রণ করা সম্ভব। ইসলামী বিশ্বের অনেক দেশ ঠিক সেটাই করে।”
গত বছরের শেষ দিকে তালেবান সরকার নৈতিকতা রক্ষার কঠোর নিয়মাবলী চালু করেছে। এর মধ্যে রয়েছে নারীদের মুখ ঢেকে রাখার নির্দেশ, পুরুষদের দাড়ি রাখার বাধ্যবাধকতা এবং গাড়ি চালকদের সংগীত বাজানো নিষিদ্ধ করা।
এছাড়াও, নারীদের উচ্চশিক্ষায় অংশগ্রহণ, চাকরি এবং মতপ্রকাশের স্বাধীনতা সীমিত করার মাধ্যমে দেশটির মানবাধিকার পরিস্থিতি আন্তর্জাতিকভাবে সমালোচিত হয়েছে।
সূত্র: রয়টার্স, সিএনএন
ভোরের আকাশ // হ.র