যুক্তরাষ্ট্র-ইসরায়েল ‘প্রকৃত সন্ত্রাসী’ : মাসুদ পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ‘প্রকৃত সন্ত্রাসী’ বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার (১৫ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। খবর মিডল ইস্ট আইয়ের।
পেজেশকিয়ান দাবি করেন, বিশ্বে সন্ত্রাসবাদের বিস্তারের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলই দায়ী। তিনি বলেন, “তারা আমাদের সন্ত্রাসী বলে অভিহিত করে, কিন্তু বাস্তবে তারাই প্রকৃত সন্ত্রাসী।” ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলার অভিযোগ তুলে তিনি এসব কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইন ও মানবিক নীতির পরিপন্থী ও অন্যায় হিসেবে আখ্যায়িত করেন।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে টেলিফোনে কথা বলবেন বলে জানা গেছে। বৃহস্পতিবার তাদের মধ্যে এই আলোচনার কথা রয়েছে। ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য গালিয়া গামলিয়েল এ তথ্য জানান।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, গালিয়া ইসরায়েলি আর্মি রেডিওকে জানান, বহু বছরের সম্পূর্ণ বিচ্ছিন্নতার পর এই যোগাযোগ হতে যাচ্ছে। তার আশা, এ উদ্যোগ ভবিষ্যতে ইতিবাচক অগ্রগতির দিকে নিয়ে যাবে। তবে কিছু সংবাদমাধ্যম লেবাননের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে এমন কোনো আলোচনার বিষয়ে তারা অবগত নন।
ভোরের আকাশ/সু.পা