মেট্রোতে হেডফোন ছাড়া ভিডিও-গান চালালে জরিমানা

মেট্রোরেলে যাতায়াতের সময় মোবাইলের স্পিকারে উচ্চ শব্দে গান শোনা বা ভিডিও দেখার প্রবণতা ঠেকাতে কঠোর আইন করেছে ভারত। নতুন বিধান অনুযায়ী, হেডফোন বা ইয়ারফোন ছাড়া স্পিকারে ভিডিও বা গান চালিয়ে সহযাত্রীদের বিরক্ত করলে সর্বোচ্চ ২ হাজার ৫০০ রুপি জরিমানা গুনতে হবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে ৩ হাজার টাকা।
মেট্রোরেলওয়ে (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) আইন, ২০০২ সংশোধন করে প্রণীত জন বিশ্বাস (সংশোধনী) আইন, ২০২৬-এর আওতায় এই বিধান গত ১৯ জুন থেকে কার্যকর হয়েছে।
প্রাথমিকভাবে বেঙ্গালুরু ও চেন্নাই মেট্রোতে আইনটি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। তবে বেঙ্গালুরু মেট্রো রেল করপোরেশন লিমিটেড (বিএমআরসিএল) জানিয়েছে, সংশোধিত আইনটি ভারতের সব মেট্রো পরিষেবার জন্যই প্রযোজ্য।
নতুন আইনে সহযাত্রীদের অসুবিধা বা জনশৃঙ্খলা বিঘ্নিত করে এমন বিভিন্ন আচরণের জন্য সর্বোচ্চ ২ হাজার ৫০০ রুপি জরিমানার বিধান রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে স্পিকারে গান বা ভিডিও চালানো, উচ্চস্বরে চিৎকার, অশালীন ভাষা ব্যবহার, মাতাল অবস্থায় যাতায়াত, অশোভন আচরণ, কোচের ভেতরে থুতু ফেলা, মেঝেতে বসা এবং মেট্রোর সম্পত্তির ক্ষতি করা।
বিএমআরসিএলের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে স্পিকারে গান বা ভিডিও চালানোর কারণে প্রায় ৫৭ হাজার যাত্রীকে সতর্ক করা হয়েছিল। আগে এ অপরাধে সর্বোচ্চ ৫০০ রুপি জরিমানার বিধান থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই সতর্ক করেই ছেড়ে দেওয়া হতো। ফলে নিয়ম লঙ্ঘনের প্রবণতা কমেনি। এ কারণেই জরিমানার পরিমাণ পাঁচ গুণ বাড়ানো হয়েছে।
এ ছাড়া সংশোধিত আইনে অনুমতি ছাড়া পোস্টার, ব্যানার বা প্ল্যাকার্ড লাগানো কিংবা বিক্ষোভ করলে সর্বোচ্চ ১০ হাজার রুপি জরিমানা হতে পারে। নিষিদ্ধ এলাকায় বা মেট্রো ট্র্যাকে অনুমতি ছাড়া প্রবেশ করলে সর্বোচ্চ ৫ হাজার রুপি এবং ট্রেন চলাচলে বাধা সৃষ্টি, ভুয়া টিকিট বা পাস ব্যবহার কিংবা সরকারি নোটিশ বিকৃত করার মতো অপরাধে সর্বোচ্চ ২৫ হাজার রুপি পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।
ভোরের আকাশ/এনএ