হরমুজ নিয়ন্ত্রণে অধিকার ইরানের আছে : জাতিসংঘে রুশ দূত

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার প্রতিনিধি ভাসিলি নেবেনজিয়া বলেছেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করার পূর্ণ অধিকার ইরানের রয়েছে। একই সঙ্গে তিনি পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে তীব্র সমালোচনা করে তাদের “ভণ্ড” ও “দস্যুতা-সংশ্লিষ্ট” বলে মন্তব্য করেন।
নেবেনজিয়া বলেন, ইরানের ওপর অন্যায়ভাবে দোষ চাপানোর চেষ্টা করা হচ্ছে, যেন দেশটি কোনো প্রতিবেশীর ওপর আক্রমণ চালিয়েছে। তার ভাষায়, যুদ্ধ পরিস্থিতিতে উপকূলীয় একটি দেশ নিজের নিরাপত্তার স্বার্থে নৌপথ নিয়ন্ত্রণ করতে পারে।
তিনি আরও অভিযোগ করেন, পশ্চিমা দেশগুলো রাশিয়ার বাণিজ্যিক জাহাজে হামলাকে সমর্থন করছে। তার মতে, আধুনিক সময়ে দস্যুরা যেমন কালো পতাকা ব্যবহার করে, পশ্চিমারা তেমন দৃশ্যমানভাবে না হলেও ভিন্ন উপায়ে একই ধরনের বেআইনি কাজ করছে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, তিনি সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির কাছ থেকে একটি বার্তা পেয়েছেন। মঙ্গলবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে তিনি এ তথ্য জানান।
এর আগে সোমবার স্থানীয় সময় ভোরে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। পরে সন্ধ্যায় পুতিনের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়। আল জাজিরার বরাতে জানা যায়, বৈঠকে পুতিন ইরানের নেতৃত্বের প্রতি শুভেচ্ছা জানান এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে ইরানের অবস্থানের প্রশংসা করেন। তবে ওই বার্তার বিস্তারিত তিনি প্রকাশ করেননি।
ভোরের আকাশ/সু.পা