ইরানের গোরুক ও কেশমে দ্বীপে মার্কিন হামলা

পারস্য উপসাগরে ইরানের দুই দ্বীপ গোরুক ও কেশমে বোমাবর্ষণ করেছে মার্কিন বিমান বাহিনী। আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ তথ্য জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম)। সেন্টকমের দাবি অনুযায়ী, এই দুই দ্বীপে ইরানের প্রতিরক্ষা বাহিনীর স্থাপন করা রাডার ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়।
এক্সবার্তায় আরও বলা হয়, রোববার যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-ওয়ান প্রিডেটর ড্রোন ভূপাতিত করে ইরানের প্রতিরক্ষা বাহিনী। এর পাল্টা জবাব হিসেবেই গোরুক ও কেশম দ্বীপের রাডার ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
মার্কিন বিমান বাহিনীর এই হামলায় ইরানি প্রতিরক্ষা বাহিনীর মোতায়েন করা একটি এয়ার ডিফেন্স সিস্টেম, একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং দুটি ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সেন্টকম।
এমন এক সময়ে এই হামলার তথ্য সামনে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি স্থায়ী শান্তিচুক্তি নিয়ে আলোচনা আবারও গতি পেয়েছে।
ইরানের পরমাণু কর্মসূচি ইস্যুতে দীর্ঘদিনের টানাপোড়েনের পর গত ২৮ ফেব্রুয়ারি দেশটিতে সামরিক অভিযান শুরু করে মার্কিন বাহিনী। প্রায় ৪০ দিন ধরে চলা সংঘাত শেষে ৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হয়, যা এখনও বহাল রয়েছে।
চলমান এই যুদ্ধবিরতির মধ্যেই গত সপ্তাহে দুই দেশের মধ্যে আবারও উত্তেজনা দেখা দেয়। হরমুজ প্রণালিতে একটি মার্কিন পতাকাবাহী ট্যাংকার জাহাজে ইরানের ড্রোন হামলার অভিযোগ ওঠে। এর জবাবে ইরানের বন্দর শহর বন্দর আব্বাসের একটি ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রে মার্কিন বাহিনী বোমাবর্ষণ করে।
এর পাল্টা প্রতিক্রিয়ায় কুয়েতে অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
ভোরের আকাশ/সু.পা