উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ধ্বংস চায় তিন দেশ

পারমাণবিক অস্ত্রের মজুত বাড়িয়ে নিজেদের সামরিক শক্তি আরও জোরালো করতে চাইছে উত্তর কোরিয়া। আর দেশটির এই তৎপরতা ঠেকাতে দীর্ঘদিন ধরেই মাথাব্যথা রয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের।
সেই ধারাবাহিকতায় এবার উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রভাণ্ডার সম্পূর্ণ নির্মূলের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের ফাঁকে বৈঠক করেন তিন দেশের শীর্ষ কূটনীতিকেরা।
বৈঠক শেষে উত্তর কোরিয়ার সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে নিজেদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে অংশ নেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন এবং জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি।
এসময় তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলো পুরোপুরি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। এসব প্রস্তাবের মধ্যে উত্তর কোরিয়ার পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে অর্থায়নে সহায়তা বন্ধের বিষয়টিও রয়েছে।
এদিকে, তিন দেশের এমন অবস্থানের মধ্যেই উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে আবারও বৈঠকের আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের প্রথম মেয়াদে কিমের সঙ্গে কয়েক দফা ঐতিহাসিক বৈঠক করেছিলেন তিনি।
এখনো কিমকে বন্ধু বলে সম্বোধন করেন ট্রাম্প। আগামী মাসে চীনে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে দুই নেতার আবারও দেখা হতে পারে বলে আলোচনা চলছে।
গত বছর ট্রাম্প বলেছিলেন, উত্তর কোরিয়া এখন পারমাণবিক অস্ত্রধারী একটি দেশ। সম্প্রতি দেশটির পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়েও তুলনামূলক কম উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
বিশ্লেষক ও দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার ধারণা, ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য বৈঠক নিয়ে নিজেদের অবস্থান চীনের কাছে তুলে ধরেছেন কিম। সম্প্রতি চীনের সীমান্তবর্তী শহর দানদং সফরের সময় এ বিষয়ে বেইজিংকে জানিয়ে থাকতে পারেন তিনি।
অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং গত সেপ্টেম্বরে প্রস্তাব দেন, উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করার পরিবর্তে আপাতত স্থগিত রাখার বিষয়ে ওয়াশিংটনের আলোচনা করা উচিত।
ভোরের আকাশ/আ.র