পাকিস্তানে পুলিশ পোস্টে আত্মঘাতী হামলায় নিহত ১৫

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নুতে আত্মঘাতী গাড়ি বোমা হামলা ও গুলিতে ১৫ জন পুলিশ সদস্য নিহত হয়েছে। ইত্তেহাদ-উল-মুজাহিদীন পাকিস্তান নামে একটি সশস্ত্র গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, বান্নু জেলার ফাতেহ খেল পুলিশ ফাঁড়িতে আত্মঘাতী হামলা ঘটেছে।
শনিবার (৯ মে) রাতে আফগানিস্তান সীমান্তবর্তী এ জেলাতে হামলার ঘটনা ঘটে। জানা গেছে, এ হামলায় ড্রোনও ব্যবহার করা হয়।
জাহিদ খান নামে এক পুলিশ কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, একটি নিরাপত্তা চৌকির কাছে এক আত্মঘাতী বোমা হামলাকারী ও কিছু সন্ত্রাসী গাড়ি বোমার বিস্ফোরণ ঘটান। এতে ওই নিরাপত্তা চৌকিটি ভেঙে পড়ে যায়। শনিবারের ওই হামলার পর ঘটনাস্থলে দেখা গেছে পুলিশের ওই চৌকিটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
বার্তাসংস্থা রয়টার্সকে নিরাপত্তাবাহিনীর একজন জানিয়েছে, বোমা হামলার পর পুলিশ সদস্যদের ওপর অ্যাম্বুশ করে সন্ত্রাসীরা। ওই সময় তাদের ছোড়া গুলিতে হতাহত হন কয়েকজন। ওই পুলিশ সদস্যরা বোমা হামলার পর ঘটনাস্থলে গিয়েছিলেন।
এক পুলিশ কর্মকর্তার ভাষ্য, সন্ত্রাসীরা প্রথমে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে নিরাপত্তা চৌকিতে হামলা চালায়। এরপর তারা গুলি করা শুরু করে। অন্য পুলিশ সদস্যদের তখন সহায়তার জন্য সেখানে পাঠানো হয়। কিন্তু সন্ত্রাসীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
পুলিশ আরও জানায়, হতাহতের সংখ্যা বাড়তে পারে। এতে, গাড়ি বোমার বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে পাশের বেসামরিক মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভোরের আকাশ/ মে. দ্র