ইউক্রেনে আরও বড় হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া: দাবি রয়টার্সের

ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধ থামানোর কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। বরং ক্রেমলিন-সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ চালিয়ে যাওয়ার পাশাপাশি আগামী মাসগুলোতে হামলার তীব্রতা আরও বাড়ানোর পরিকল্পনা করছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার বিভিন্ন স্থাপনায় ইউক্রেনের সাম্প্রতিক বড় ধরনের ড্রোন হামলাকে নতুন করে সামরিক অভিযান জোরদারের অন্যতম কারণ হিসেবে দেখছে মস্কো। একই সঙ্গে ইউক্রেনের সঙ্গে সমঝোতার সম্ভাবনাও কার্যত নাকচ করে দিয়েছেন পুতিন।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেন, পুতিন যুদ্ধের অবসান চান এবং শান্তি চুক্তির অগ্রগতি মানুষের ধারণার চেয়ে দ্রুত হচ্ছে। ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পৃথক ফোনালাপও হয়েছে। ন্যাটো সম্মেলনে জেলেনস্কিও শান্তি প্রতিষ্ঠার বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনার কথা উল্লেখ করেন। তবে রয়টার্সের এ বিষয়ে করা প্রশ্নের জবাবে হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি।
ক্রেমলিন-ঘনিষ্ঠ একটি সূত্রের ভাষ্য, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনবাস অঞ্চলের অবশিষ্ট অংশ দখল করাই এখনো পুতিনের প্রধান লক্ষ্য। এ কারণে তিনি নিজের অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেননি। এর আগে জুন মাসে জেলেনস্কির দেওয়া যুদ্ধবিরতির একটি প্রস্তাবও প্রত্যাখ্যান করেছিলেন তিনি।
রাশিয়ার অবস্থান সম্পর্কে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেন, মস্কো শান্তিপূর্ণ সমাধানের পক্ষে থাকলেও নিজেদের স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া এবং তথাকথিত ‘বিশেষ সামরিক অভিযান’ চালিয়ে যাওয়ার সক্ষমতা তাদের রয়েছে।
অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, সাম্প্রতিক গোয়েন্দা তথ্য অনুযায়ী রাশিয়া যুদ্ধ দীর্ঘায়িত করার প্রস্তুতি নিচ্ছে। এমনকি ইউরোপের অন্য কোনো দেশের বিরুদ্ধে সম্ভাব্য পদক্ষেপ নিয়েও মস্কো ভাবছে বলে তাদের আশঙ্কা।
রাশিয়ার কয়েকজন সামরিক বিশ্লেষকও প্রকাশ্যে যুদ্ধের পরিধি বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। তবে লন্ডনভিত্তিক থিংকট্যাংক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের গবেষক জ্যাক ওয়াটলিংয়ের মতে, রাশিয়া সরাসরি ন্যাটোর সঙ্গে যুদ্ধে জড়াতে চাইবে না। তবে জোটটির মধ্যে বিভাজন সৃষ্টি এবং সেই ঝুঁকিকে কাজে লাগিয়ে ইউক্রেনে সামরিক অভিযান আরও বিস্তৃত করার চেষ্টা করতে পারে মস্কো।
ভোরের আকাশ/সু.পা