ইউক্রেন যুদ্ধে সমর্থনের জন্য কিমকে ধন্যবাদ পুতিনের

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রতি সমর্থন ও সহযোগিতার জন্য উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে টেলিফোনে ধন্যবাদ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবারের এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন ও উত্তর কোরিয়ার সরকারি বার্তাসংস্থা কেসিএনএ।
কেসিএনএ জানিয়েছে, উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ এই আলাপে পুতিনকে স্বাগত জানান কিম জং উন। তিনি বলেন, উত্তর কোরিয়া সবসময় রাশিয়া-উত্তর কোরিয়ার বন্ধুত্বের চেতনায় অবিচল থাকবে এবং ভবিষ্যতে প্রয়োজন হলে পূর্ণ সামর্থ্য নিয়ে রাশিয়ার পাশে দাঁড়াবে। আলোচনায় দুই দেশের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়েও কথা হয়।
২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর সিরিয়া ও উত্তর কোরিয়া প্রকাশ্যে রাশিয়ার পক্ষ নেয় এবং সেনা ও অস্ত্রসহ নানা সহায়তা দেয়। তবে গাজায় হামাস-ইসরায়েল সংঘাত শুরু ও প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর সিরিয়া সরে গেলেও উত্তর কোরিয়া এখনও রাশিয়ার পাশে রয়েছে। উত্তর কোরিয়া এ পর্যন্ত সেনা ও গোলাবারুদ সরবরাহ করেছে এবং যুদ্ধে দেশটির হাজারেরও বেশি সেনা প্রাণ হারিয়েছে।
চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্রের আলাস্কায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন পুতিন। এর আগে কিমকে ফোন করে কৃতজ্ঞতা প্রকাশ করলেন তিনি।
সূত্র: আরটি, এএফপি
ভোরের আকাশ//হ.র