রিয়াদের উপকণ্ঠে বিমানঘাঁটিতে বিস্ফোরণ, অস্বীকার ইরানের

সৌদি আরবের আল-খার্জে অবস্থিত প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রাজধানী রিয়াদের উপকণ্ঠে অবস্থিত এই ঘাঁটিতে সোমবার (৮ জুন) সকালে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করা হয়। এর কিছুক্ষণ পরই সেখানে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার তথ্য সামনে আসে।
তবে ইরান জানিয়েছে, তারা আজ সৌদিতে কোনো হামলা চালায়নি।
সরকারি বার্তাসংস্থা আইআরআইবিকে ইরানের এক সামরিক কর্মকর্তা বলেছেন, “সৌদি আরব আল-খার্জ ঘাঁটিতে ইরান কোনো হামলা চালায়নি।”
ইয়েমেন থেকে ইসরায়েলে মিসাইল নিক্ষেপ
গতকাল রোববার যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায় ইসরায়েল। এর জবাব দিতে রাতে ইরান ইসরায়েলের উত্তরাঞ্চলে অন্তত ১০টি মিসাইল ছোড়ে। এরপর আজ সোমবার সকালে ইসরায়েল ইরানের রাজধানী তেহরান, ইস্ফাহানসহ তিনটি শহরে পাল্টা মিসাইল হামলা চালায়।
এর কয়েক ঘণ্টা পরই ইয়েমেন থেকে ইসরায়েলে মিসাইল নিক্ষেপ করা হয়েছে।
ইসরায়েল থেকে ইয়েমেনের অনেক দূরত্ব থাকা সত্ত্বেও হুতিরা সেখান থেকেই মিসাইল হামলা চালায়।
ইসরায়েলের হিব্রু সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া মিসাইলটি প্রতিহত করা হয়েছে এবং এ ঘটনায় কেউ আহত হননি।
তবে এক ব্যক্তি আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় আঘাত পান। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।