মক্কা প্রতিরক্ষা চুক্তিতে নতুন আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর যাত্রা: ফিদান

মক্কা প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্য ও আশপাশের অঞ্চলে একটি নতুন নিরাপত্তা ও সহযোগিতা কাঠামো গড়ে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। খবর আনাদোলু এজেন্সির।
সোমবার (৩১ আগস্ট) ইস্তাম্বুলে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় গঠিত কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির প্রথম বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
ফিদান বলেন, এই প্রতিরক্ষা জোটের মাধ্যমে ধীরে ধীরে মধ্যপ্রাচ্য ও আশপাশের অঞ্চলে স্থিতিশীলতা বাড়বে এবং অনিশ্চয়তা কমবে। তার আশা, জোটটি আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতা আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, মক্কা প্রতিরক্ষা জোটকে ভবিষ্যতে আরও বিস্তৃত করার লক্ষ্য রয়েছে।
এদিকে, সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের পক্ষ থেকে তুরস্ককে কৌশলগত হুমকি হিসেবে তুলে ধরা বক্তব্যের বিষয়েও মন্তব্য করেন ফিদান।
তিনি নেতানিয়াহুকে কঠোরভাবে সমালোচনা করে বলেন, ‘নেতানিয়াহু এখন মানবতা, আন্তর্জাতিক সম্প্রদায় ও নিরাপত্তার জন্য একটি সাধারণ শত্রুতে পরিণত হয়েছেন। তাকে গুরুত্বের সঙ্গে নেওয়ার মতো ব্যক্তি তিনি নন।’
ফিদান আরও বলেন, ‘আন্তর্জাতিক ব্যবস্থাকে নেতানিয়াহুর হুমকির বিরুদ্ধে লড়াই করতে হবে।’
সূত্র: আনাদোলু এজেন্সি
ভোরের আকাশ/এনএস