ভারতীয় ওয়েব সিরিজ দেখে স্ত্রীকে খুন, পুলিশের জালে স্বামী

ভারতের রাজধানী দিল্লিতে স্ত্রীকে হত্যার পর প্রমাণ নষ্ট করে তদন্ত ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেছেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন ৬২ বছর বয়সী এক সফটওয়্যার পরামর্শক। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পর অস্ত্র গোপন ও পালানোর পরিকল্পনায় তিনি জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য স্টেয়ারকেস’ থেকে ধারণা নিয়েছিলেন বলে দাবি করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩০ জুলাই পূর্ব দিল্লির একটি বাসায় এ ঘটনা ঘটে। ওই সময় অভিযুক্ত কমল সিং ও তার স্ত্রী কোমল সিং বাসায় একা ছিলেন। তাদের ছেলে লাইব্রেরিতে, মেয়ে অফিসে এবং গৃহকর্মী কাজ শেষে চলে গিয়েছিলেন।
অভিযোগ অনুযায়ী, বারান্দায় কাপড় শুকানোর সময় পেছন থেকে তলোয়ার দিয়ে কোমলের মাথায় আঘাত করেন কমল। পরে তিনি রান্নাঘরে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে টেনে এনে কাঁচি দিয়ে একাধিকবার আঘাত করা হয়।
হত্যার পর রক্তমাখা পোশাক ও ব্যবহৃত তলোয়ার একটি ব্যাগে ভরে বাসা থেকে বেরিয়ে যান কমল। পরে ব্যাগটি ফেলে দিয়ে ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন করেন। পুলিশ জানিয়েছে, পালানোর সময় তার কাছে প্রায় ১২ লাখ ৭৫ হাজার রুপি ছিল।
এদিকে রাতে বাসায় ফিরে ছেলে গৌরব সিং মাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। ঘটনাস্থল থেকে কাঁচি উদ্ধার করা হলেও হত্যায় ব্যবহৃত তলোয়ারটি প্রথমে পাওয়া যায়নি।
পুলিশ জানায়, অভিযুক্ত নিখোঁজ থাকায় সিসিটিভি ফুটেজ, প্রযুক্তিগত নজরদারি ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে তার অবস্থান শনাক্তের চেষ্টা করা হয়। প্রথমে মোবাইল ফোন চালু রেখে গোরখপুরের দিকে যাওয়ায় তদন্তকারীরা ধারণা করেছিলেন, তিনি নেপালে পালিয়ে যেতে পারেন। পরে মোবাইল ফোন বন্ধ করে দিক পরিবর্তন করলেও শেষ পর্যন্ত মথুরা রেলস্টেশনের কাছে তাকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে কমল হত্যার পরিকল্পনা ও পালানোর বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তদন্তকারীদের দাবি, প্রমাণ দুর্বল করতে হত্যার অস্ত্র সরিয়ে ফেলার কৌশল তিনি ওয়েব সিরিজ দেখে শিখেছিলেন।
তদন্তে আরও জানা গেছে, গত এক বছর ধরে কমল ও কোমলের দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন চলছিল। সম্পত্তি নিয়ে বিরোধ এবং মুম্বাই সফরের সময় কমলের অন্য এক নারীর সঙ্গে ঘনিষ্ঠতা—এসব কারণে তাদের সম্পর্কের অবনতি ঘটে বলে পুলিশের দাবি। তদন্তকারীদের ধারণা, সম্পত্তি-সংক্রান্ত বিরোধই এই হত্যাকাণ্ডের অন্যতম কারণ।
সূত্র: এনডিটিভি
ভোরের আকাশ/এনএ