যুক্তরাষ্ট্র–ভারত সম্পর্কের তিক্ততায় ট্রাম্পের ভারত সফর বাতিল

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপাতত ভারতে সফর করবেন না। চলতি বছরের শেষের দিকে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া কোয়াড শীর্ষ সম্মেলনে তাঁর যোগদানের কথা ছিল। তবে নিউইয়র্ক টাইমসের এক বিশ্লেষণের বরাতে জানা গেছে, এই সফরের পরিকল্পনা এখন বাতিল।
‘দ্য নোবেল প্রাইজ অ্যান্ড আ টেস্টি ফোন কল: হাউ দ্য ট্রাম্প-মোদি রিলেশনশিপ আনরাভেল্ড’ শিরোনামের বিশ্লেষণে বলা হয়েছে, ট্রাম্প গত ১৭ জুন মোদির সঙ্গে ফোনালাপে জানিয়েছেন, কোয়াড সম্মেলনে ভারতে আসবেন। কিন্তু শারতে তার এই সফরের পরিকল্পনা আর নেই।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে ট্রাম্প ও মোদির মধ্যে সম্পর্কের অবনতি বিশদভাবে তুলে ধরা হয়েছে। বিশেষ করে ১৭ জুনের ফোনালাপ, ভারতের প্রতি অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক আর পূর্বনির্ধারিত ব্যক্তিগত বৈঠক না হওয়াকে সম্পর্কের তিক্ততার মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
জানুয়ারি মাসে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর ট্রাম্প প্রশাসন কোয়াডভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক আয়োজন করেছিল। সেই বৈঠকেই কোয়াডের শীর্ষ সম্মেলন ভারতের আয়োজনে করার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে ওয়াশিংটন–নয়াদিল্লির সম্পর্কের তিক্ততার কারণে ট্রাম্পের সফর বাতিল হতে বাধ্য হন।
উল্লেখ্য, ফোনালাপের আগে মে মাসে ভারত-পাকিস্তানের চার দিনের সংঘাত বন্ধে ট্রাম্প মধ্যস্থতা করার দাবি করেন। পাকিস্তান এই মধ্যস্থতাকে স্বীকার করলেও ভারত তা অস্বীকার করেছে। বিশ্লেষকরা মনে করছেন, এই দাবির পুনরাবৃত্তি মোদির ধৈর্যচ্যুতি ঘটিয়েছে।
তবে ট্রাম্প প্রশাসনের ভারতীয় পণ্যে উচ্চ শুল্ক আর পূর্বনির্ধারিত বৈঠক না হওয়ার ঘটনাকেই দুই দেশের সম্পর্কের তিক্ততার মূল কারণ হিসেবে গণ্য করা হচ্ছে।
ভোরের আকাশ//হ.র