ইয়েমেনের হোদেইদা বন্দরে ইসরায়েলের হামলা, অবরোধের হুমকি

ইসরায়েলি সেনাবাহিনী ইয়েমেনের হোদেইদা বন্দর শহরে রাতভর হামলা চালিয়েছে।
দেশটির দাবি, হুতি বিদ্রোহীরা বন্দরটিকে অস্ত্র পরিবহনের জন্য ব্যবহার করছে। এই হামলার পর ইসরায়েল হুতিদের বিরুদ্ধে আকাশ ও নৌপথে অবরোধ আরোপের হুমকি দিয়েছে।
মঙ্গলবার (১০ জুন) ইসরায়েলি সেনাবাহিনী এবং হুতি-নিয়ন্ত্রিত গণমাধ্যম উভয়েই এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। হোদেইদা বন্দরটি ইয়েমেনের একটি গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা প্রবেশদ্বার হিসেবে পরিচিত, যেখানে বছরের পর বছর ধরে যুদ্ধবিধ্বস্ত জনগণের জন্য খাদ্য ও ওষুধসহ বিভিন্ন সহায়তা পৌঁছানো হয়।
হুতিদের বরাত দিয়ে জানানো হয়েছে, হামলায় বন্দরের দুটি জেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। হামলার দায় স্বীকার করে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হুতিদের "সামরিক উদ্দেশ্যে" ব্যবহৃত সমুদ্রবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
ইসরায়েল অভিযোগ করেছে, হুতি বিদ্রোহীরা ইরান-সমর্থিত সন্ত্রাসী কার্যক্রমের অংশ হিসেবে বন্দরটি অস্ত্র পরিবহনের জন্য ব্যবহার করছে। এর আগেও, চলতি বছরের মে মাসে হোদেইদা বন্দরে বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল।
ইসরায়েলি এক কর্মকর্তা সতর্ক করে বলেন, হুতিরা যদি ইসরায়েলের ওপর হামলা অব্যাহত রাখে, তবে আকাশপথ ও সমুদ্রপথে কঠোর অবরোধ আরোপ করা হতে পারে।
ভোরের আকাশ।।হ.র