চীনের সঙ্গে তেল ও বাণিজ্য ইস্যুতে আশাবাদী ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চীন যুক্তরাষ্ট্র থেকে তেল আমদানিতে সম্মতি দিয়েছে। শুল্কসংক্রান্ত দীর্ঘ টানাপোড়েনের পর এই সিদ্ধান্তকে দুই দেশের বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
বেইজিং সফরকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়–এর সঙ্গে বৈঠকের পর ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব তথ্য জানান। তিনি বলেন, বৈঠকে চীনের আর্থিক খাতে মার্কিন কোম্পানিগুলোর প্রবেশাধিকার বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, চীনের বিশাল ক্রেডিট কার্ড বাজারে মার্কিন প্রতিষ্ঠানগুলোর জন্য আরও বড় পরিসরে ব্যবসার সুযোগ তৈরি করতে তিনি গুরুত্ব দিয়েছেন। বিশেষ করে ভিসা কার্ডসহ মার্কিন আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সম্প্রসারণের বিষয়টি আলোচনায় উঠে আসে।
উল্লেখ্য, ইরানি তেলের অন্যতম বড় ক্রেতা চীন গত বছর ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের আগে সীমিত পরিমাণে মার্কিন তেল আমদানি করেছিল। একই সময়ে তারা যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন আমদানি উল্লেখযোগ্যভাবে কমিয়ে ব্রাজিলের বাজারের দিকে ঝুঁকে পড়ে।
ভোরের আকাশ/সু.পা