চীনে এআই উত্থানে বেড়েছে প্রবৃদ্ধি, ভোগাচ্ছে অভ্যন্তরীণ সংকট

চীনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অভূতপূর্ব চাহিদা এবং উচ্চ প্রযুক্তির পণ্য রপ্তানি বৃদ্ধির ওপর ভর করে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ইতিবাচক ধারায় ফিরলেও তীব্র অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট বেইজিংয়ের নীতি-নির্ধারকদের ভাবিয়ে তুলছে।
সোমবার (১৯ অক্টোবর) চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো (এনবিএস) কর্তৃক প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) চীনের জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৪.৫ শতাংশে পৌঁছেছে, যা আগের প্রান্তিকের ৪.৩ শতাংশের চেয়ে কিছুটা বেশি।
চীন চলতি বছর তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৪ দশমিক ৫ থেকে ৫ শতাংশ। গত কয়েক দশকের মধ্যে এটিই সর্বনিম্ন লক্ষ্যমাত্রা।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি বর্তমানে দুই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রযুক্তিনির্ভর পণ্যসহ বিভিন্ন খাতে রপ্তানি বাড়ছে। অন্যদিকে আবাসন খাতের সংকট ও অভ্যন্তরীণ চাহিদা কমে যাওয়ায় অর্থনৈতিক কর্মকাণ্ড বিঘ্নিত হচ্ছে।
প্রবৃদ্ধির পরিসংখ্যান প্রকাশের পর সংবাদ সম্মেলনে এনবিএসের উপপ্রধান মাও শেংইয়ং বলেন, দেশের অভ্যন্তরীণ চাহিদা পর্যাপ্ত নয়। আন্তর্জাতিক পরিস্থিতিও জটিল ও অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে।
সব মিলিয়ে, তৃতীয় প্রান্তিকে চীনের অর্থনীতি প্রত্যাশার চেয়ে ভালো করলেও অভ্যন্তরীণ চাহিদার দুর্বলতা, আবাসন খাতের সংকট এবং বৈশ্বিক অনিশ্চয়তা সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
ভোরের আকাশ/আ.র